২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মুসলিম এইডের কার্যক্রম বন্ধ

বাংলাদেশবিরোধী প্রচারণা, রোহিঙ্গা অনুপ্রবেশে উস্কানি ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কার্যক্রম বন্ধ করতে বলা তিনটি বেসরকারি সংস্থার মধ্যে মুসলিম এইডের কার্যক্রম বন্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2012, 05:51 PM

Updated : 24 Aug 2022, 11:52 AM

কক্সবাজার, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশবিরোধী প্রচারণা, রোহিঙ্গা অনুপ্রবেশে উস্কানি ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কার্যক্রম বন্ধ করতে বলা তিনটি বেসরকারি সংস্থার মধ্যে মুসলিম এইডের কার্যক্রম বন্ধ হয়েছে। শনিবার টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “অন্য দুটি সংস্থাও কার্যক্রম গুটিয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছে। যারা সরকারি আদেশ মানবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।” কক্সবাজার জেলা প্রশাসন গত ৩০ জুলাই এক নির্দেশনায় টেকনাফ ও উখিয়া উপজেলায় কার্যক্রম পরিচালনকারী যুক্তরাজ্যভিত্তিক সংস্থা মুসলিম এইড, নেদারল্যান্ডসভিত্তিক সংস্থা মেডিসিন স্যান্স ফ্রন্টিয়ার (এমএসএফ) ও ফ্রান্স ভিত্তিক অ্যাকশন অ্যাগেনস্ট হাঙ্গারকে (এসিএফ) কার্যক্রম বন্ধ করতে বলে। মিয়ানমার থেকে অবৈধভাবে আসা রোহিঙ্গা শরণার্থী শিবিরে কাজ করতো এই সংস্থাগুলো। বাংলাদেশবিরোধী প্রচারণা, রোহিঙ্গা অনুপ্রবেশে উস্কানি ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে এদের কার্যক্রম স্থগিত করা হয়। ৩০ জুলাই সংস্থাগুলোকে পাঠানো কক্সবাজার জেলার সহকারী কমিশনার সেলিনা কাজী স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদন না নিয়ে সংস্থা তিনটি কক্সবাজারে অবৈধভাবে অবস্থানরত মিয়ানমার নাগরিকদের সহায়তা দিয়ে যাচ্ছে। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরের পাশে এমএসএফ (নেদারল্যান্ডস), টেকনাফ উপজেলার নয়াপাড়া শরণার্থী শিবিরে এসিএফ এবং টেকনাফের লেদা এলাকায় অনিবন্ধিত রোহিঙ্গাদের মধ্যে কার্যক্রম পরিচালনা করতো মুসলিম এইড। কক্সবাজার জেলা প্রশাসক মো. জয়নুল বারী বলেন, “এই সংস্থাগুলো অবৈধভাবে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে সহায়তা করছে। এসব রোহিঙ্গা নিবন্ধিত নয়। তাদের কাছে কোনো প্রমাণপত্রও নেই।” এনজিও বিষয়ক ব্যুরোর নির্দেশনা অনুযায়ীই কক্সবাজারে ওই সংস্থাগুলোকে তাদের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে বলে জানান তিনি। মুসলিম এইডের (ইউকে) আবাসিক প্রতিনিধি মো. ওবায়দুল রহমান বলেন, সরকারি নিদের্শনা মেনে মুসলিম এইড তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২৩৪৬ ঘ.