রাঙামাটি, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী বিল সংসদে উপস্থাপন না করার দাবি জানিয়েছে পাহাড়ে বাঙালিদের একটি সংগঠন।
এ দাবিতে আগামী ৭ অগাস্ট রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের একাংশ।
শনিবার রাঙামাটি পৌর ভবনে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের একাংশ এবং পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার ছাত্র আন্দোলন নেতারা উপস্থিত ছিলেন।
তারা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনে আনা এই সংশোধনী বাতিল করারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম-অধিকার আন্দোলনের জেলা আহবায়ক পেয়ার আহমেদ খান।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সম-অধিকার রাঙামাটি সদর উপজেলা সভাপতি শহিদুল ইসলাম, সম-অধিকার ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আল আমিন ইমরান, সাধারণ সম্পাদক মো. ফয়সাল আলম, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ।
পেয়ার আহমেদ খান বলেন, বর্তমান প্রেক্ষাপটে এবং সরকার অসংবিধানিক সংশোধনী এনে পার্বত্য বাঙ্গালিদের ভুমি অধিকার বঞ্চিত করার উদ্যোগের প্রতিবাদে ৭ আগষ্ট সকাল-সন্ধ্যা এই সড়ক ও নৌপথ অবরোধ ডাকা হয়েছে।
সোমবার (৩০ জুলাই) এক আন্তমন্ত্রণালয় বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১ এর সংশোধনীর খসড়া গ্রহণ করা হয়েছে।
এর আগে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটি আইন সংশোধনে ১৩টি সুপারিশ দেয়। এর প্রেক্ষিতে বিভিন্ন সময় আন্তমন্ত্রণালয় বৈঠকে এসব সংশোধনী গৃহীত হয়।
সংশোধনের প্রস্তাবে আইনের ৬ (১) (খ) ধারায় ‘এযাবত এবং তার পরেও অবৈধভাবে কোনো ভূমি বেদখল হয়ে থাকলে কমিশন তা বিবেচনায় নিতে পারবে’ এই অংশটুকু যোগ করতে বলা হয়েছে।
৬ (১) (গ) ধারায় ‘তবে শর্ত থাকে যে প্রযোজ্য আইনে অধিগ্রহণকৃত ভূমি এবং রক্ষিত বনাঞ্চল, কাপ্তাই জলবিদ্যুৎ এলাকা, বেতবুনিয়া ভূ-উপগ্রহ এলাকা, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প কারখানা ও সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নামে রেকর্ডকৃত ভূমির ক্ষেত্রে এই উপধারা প্রযোজ্য হাইবে না’ এই অংশটুকু বিলুপ্তির সুপারিশ করা হয়েছে।
৭ (৩) ধারা সংশোধন করে চেয়ারম্যান ও তিন সদস্যের সমন্বয়ে কোরাম গঠনের সুপারিশ করা হয়েছে।
এছাড়া ৭ (৫) ধারায় ‘চেয়ারম্যানের সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে’ অংশটুকু সংশোধন করে ‘চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের গৃহীত সিদ্ধান্ত কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে’ দ্বারা প্রতিস্থাপনের সুপারিশ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৬ ঘ.
bdnews24