চট্টগ্রাম, অগাস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় হিন্দু পাড়ায় একটি পূজামণ্ডপের জমি দখলের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মহিউদ্দিন মুন্না (৪০), সাইফুদ্দিন খালেদ (৪৪), মাহবুব আলম (৩৬), মোশাররফ হোসেন (৩৫) ও আবদুল হাকিম (৪৫)।
এই ঘটনায় পতেঙ্গা থানায় একটি অভিযোগও করেছে সংশ্লিষ্ট দুর্গামণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক কাজল কান্তি লোধ।
শুক্রবার বিকালে কাঠগড় এক নম্বর গলির হিন্দু পাড়ায় একটি দুর্গামণ্ডপের সংশ্লিষ্ট জায়গা দখল নিতে যায় মহিউদ্দিন মুন্না ও তার সহযোগীরা। এসময় তারা মণ্ডপ এলাকায় জমি দখলের সাইনবোর্ড লাগিয়ে দেয় বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, প্রায় কোটি টাকা মূল্যের ওই জায়গা দখল নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। উচ্চ আদালতে এ নিয়ে একটি মামলাও চলছে।
পতেঙ্গা থানার ওসি প্রদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, অবৈধভাবে জায়গা দখল চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক কাজল লোধ থানায় ধর্মীয় সম্প্রীতি নষ্ট এবং জায়গা দখলের অভিযোগ করেছেন।
নগর পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮২৩ ঘ.
bdnews24