২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুল্ক ফাঁকি: ২০ সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স স্থগিত

আমদানি পণ্যের শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেনাপোল স্থলবন্দরে ২১ সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2012, 04:45 PM

Updated : 24 Aug 2022, 11:51 AM

বেনাপোল, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমদানি পণ্যের শুল্ক ফাঁকিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বেনাপোল স্থলবন্দরে ২১ সিঅ্যান্ডএফ এজেন্টের লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার ফাইজুর রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুল্ক ফাঁকি ও বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের (সিঅ্যান্ডএফ) ২১টি লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়েছে। আরও কয়েকটি লাইসেন্স স্থগিতের প্রক্রিয়া চলছে।” তিনি জানান, কাস্টমসের অতিরিক্ত কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দর কর্র্তৃপক্ষ পাঁচটি লাইসেন্স স্থগিত করে। এর আগে ৩১ জুলাই আরো ১৬টি লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়। লাইসেন্স বাতিল হওয়া সিঅ্যান্ডএফ এজেন্টদের মধ্যে রয়েছে, সানি এন্টারপ্রাইজ, সানিট্রান্স লিমিটেড, কে এস কে, সিন্ডিকেট প্রাইভেট লিমিটেড, এম এস এন্টারপ্রাইজ, ওভারসিস ট্রের্ডিং কর্পোরেশন, বকুল অ্যান্ড ব্রাদার্স, আহাদ এন্টারপ্রাইজ, সুলতান এন্টারপ্রাইজ, তানভির এন্টারপ্রইজ, শাহাজান এন্টারপ্রাইজ, হুদা ইন্টারন্যাশনাল, আযাদ কিয়াফোর্ড এজেন্সি, ইসলাম অ্যান্ড ব্রাদার্স, শফিক অ্যান্ড ব্রাদার্স প্রাউভেট লিমিটেড, মৌসুমী অ্যান্ড সন্স, বি এম কর্পোরেশন, মাস্টার কর্পোরেশন, আল মামুন এন্টারপ্রাইজ ও আল মদিনা ট্রেডিং। এছাড়া প্রগেসিভ ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক তার লাইসেন্সটি স্থগিতের আবেদন জানালে সেটিও সাময়িক স্থগিত করা হয়। নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, শুল্ক ফাঁকির ঘটনা বাড়ছে। গত অর্থবছরে বেনাপোল বন্দর শুল্ক বিভাগ ২৯৪টি শুল্ক ফাঁকির ঘটনা ধরেছে যা থেকে জরিমানা আদায় হয়েছে ৩৪ কোটি ৬০ লাখ ৩৭ হাজার টাকা। এর আগের অর্থ বছরে ২১৮টি শুল্ক ফাঁকির ঘটনা থেকে আদায় হয় ১৮ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৫০ টাকা। তবে বেনাপোল বন্দরের শুল্ক কমিশনার মাসুদ সাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেনাপোল বন্দরের অনিয়ম ও দুর্নীতি নতুন কিছু নয়। আগের চেয়ে অনিয়ম কমেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২২৩২ ঘ.