বরিশাল, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিরফার ডটকম)-বরিশালে এক দিনমজুরকে হত্যার অভিযোগে স্ত্রী, শ্বশুর ও শাশুড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, হিজলা উপজেলার ডিগ্রির চর এলাকায় ২০ দিন আগে আলমগীর হোসেন বেপারীর (২৫) মৃত্যু হলে শ্বশুরের পরিবারের লোকজন তাকে মাটিচাপা দেয়।
এ ঘটনায় শুক্রবার হোসেন বেপরির শ্বশুর জলিল বেপারী (৬০), শাশুড়ি রাকিবা বেগম (৫৫), স্ত্রী নাজমা বেগম ফালানী (২০) এবং পরামর্শদাতা একই গ্রামের শামসুল হক চকিদারকে গ্রেপ্তার করা হয়েছে।
আলমগীর হোসেন বেপারী একই গ্রামের প্রয়াত আহম্মেদ বেপারীর ছেলে। শ্বশুর আলমগীর জলিল বেপারী তার চাচা। তিনি শ্বশুরবাড়িতে থাকতেন।
হিজলা থানার ওসি মো. শওকত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রামের বাসিন্দারা আলমগীর হোসেনকে হত্যার পর গুম করার অভিযোগে শ্বশুড় জলিল, শাশুড়ি রাকিবা ও স্ত্রী ফালানীকে আটক করে পুলিশকে খবর দেয়।
জিজ্ঞাসাবাদে আটক তিনজন বলেন, ২০ দিন আগে আলমগীর আতœহত্যা করেছেন। এরপর প্রতিবেশী শামসুল হক চকিদারের পরামর্শে বাড়ির পাশে একটি ডোবায় আলমগীরকে মাটিচাপা দেওয়া হয়।
ওসি বলেন, আলমগীরের আতœহত্যার ঘটনা বানানো। তাকে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শামসুল চকিদারকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
এছাড়া লাশ উত্তোলনের জন্য নির্বাহী হাকিমের উপস্থিতির জন্য আদালতে আবেদন করা হবে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিরফার ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24