মাগুরা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার মঘি চারা বটতলা এলাকায় মাগুরা-যশোর সড়কে বৃহস্পতিবার বিকালে বাসের ধাক্কায় চঞ্চল (১৪) নামে এক শ্রমজীবী কিশোর নিহত হয়েছেন। চঞ্চল মঘি গ্রামের খবির মোল্যার ছেলে।
খবির মোল্যা সাংবাদিকদের জানান, চঞ্চল বিকাল সাড়ে ৫টার দিকে মঘি থেকে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনে চড়ে মাগুরা আসছিল। পথে চারা বটতলা এলাকায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস নসিমনটিকে ধাক্কা দিলে চঞ্চল ছিটকে পড়ে রাস্তার পাশের একটি গাছে।
মাথায় আঘাত পাওয়া চঞ্চলকে পথচারীরা মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার সাংবাদিকদের বলেন, এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। তবে বাসচালক কিংবা বাসটি আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২১০ ঘ.
bdnews24