ঢাকা, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে অভিযোগ করেছেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের তিন বছরে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভালো নেই বলে দাবি করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের চেয়ারম্যান।
বৃহস্পতিবার রাজধানীর সুন্দরবন হোটেলে এক সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেন, “চলতি বছরের ১১ মার্চ ‘বিশ্ব আদিবাসী দিবস উদযাপন প্রসঙ্গে’ শিরোনামে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের নিকট একটি পত্র প্রেরণ করা হয়েছে। ওই চিঠিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন না করাসহ আদিবাসী বিরোধী বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।”
“ওই চিঠি মৌলিক অধিকারের পরিপন্থী। এর মধ্য দিয়ে সরকার ধর্ম-গোষ্ঠী-বর্ণভেদে আদিবাসীদের সঙ্গে বৈষম্য করছে,” বলেন তিনি।
আদিবাসী ফোরামসহ বিভিন্ন সংগঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানালেও বর্তমান সরকারের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনে তা উপেক্ষিত হয়।
আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারসহ বিভিন্ন দলিলে এর আগে আদিবাসী শব্দটি ব্যবহার করলেও ক্ষমতায় যাওয়ার পর তা ব্যবহার করছে না। দেশে কোনো আদিবাসী নেই বলে সরকারের এখনকার বক্তব্য।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, “বর্তমান সরকার আদিবাসী জনগণের সঙ্গে নানারকম বর্ণবাদী ও বৈষম্যমূলক শর্তারোপ করেছে, যা সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী।”
‘আদিবাসীদের’ ভূমি জবরদখলে ও তাদের চিরায়ত ভূমি থেকে উচ্ছেদ করার জন্য হামলায় চলতি বছরই ৩০ জন নারী সহিংসতার শিকার হন বলে দাবি করেন তিনি।
সন্তু লারমা বলেন, “এর মধ্যে নওগাঁয় ৭ বছরের কন্যা শিশু সাগরী ওঁরাও, রাঙামাটিতে ১১ বছর বয়সী চতুর্থ শ্রেণীর ছাত্রী সুজাতা চাকমা ও ৪০ বছরের বলিমলি চাকমাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।”
সন্তু লারমা অভিযোগ করেন, পার্বত্য বান্দরবান জেলায় লাদেন গ্রুপ, ডেসটিনি গ্রুপ, মোস্তফা গ্রুপ, শাহ আমীন গ্রুপ, এস আলম গ্রুপ, কোয়ান্টাম, পিএইচপি গ্রুপ, মেরিডিয়ান গ্রুপ, এক্সিম গ্রুপ, বাবুল গ্রুপ, একমি গ্রুপসহ নানা কোম্পানি অবৈধভাবে হাজার হাজার একর পাহাড় ভূমি জবরদখল করেছে।
“কক্সবাজারের ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী হ্নীলা বৌদ্ধমন্দিরের ভূমি দখলের জন্য বৌদ্ধ মন্দির ভাংচুর, ভিক্ষুদের হয়রানি করা হচ্ছে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এমআই/১৮০০ ঘ.
bdnews24