বরিশাল, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিক্ষা করে জামানো টাকা আর স্বর্ণের চেইন শ্বশুরবাড়ির লোকজন ছিনিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা করেছেন চট্টগ্রামের এক দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক।
ভিক্ষুক কামাল খান বুধবার বরিশালের মুখ্য হাকিম মাসুদুর রহমানের আদালতে অভিযোগ করেন, দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় বউকে রেখে হত্যার হুমকি দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন।
বিচারক অভিযোগ আমলে নিয়ে মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা ভিক্ষুকের শ্বশুর আবুল ফকির, শাশুড়ি জোহরা বেগম, শ্যালিকা রেবু বেগম ও হেনা বেগমকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান আদালত সহকারী মো. নাসিরউদ্দিন।
মামলায় বলা হয়, দৃষ্টি প্রতিবন্ধী কামাল খান চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার তিনি স্ত্রী হেনা বেগমকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। সঙ্গে ছিল জমানো ৩০ হাজার টাকা ও এক ভরি এক আনা ওজনের একটি স্বর্ণের চেইন।
কামালের অভিযোগ, সকালে লঞ্চঘাটে নামার পর শ্বশুর, শাশুড়ি ও শ্যালিকা তাদের নিতে আসে। কিছুক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি বুঝতে পারেন, শ্বশুরবাড়ির লোকজন এবং তার স্ত্রী ব্যাগ হাতিয়ে টাকা ও স্বর্ণের চেইন নিয়ে গেছে।
পরে বিভিন্ন লোকজনের সহায়তায় কামাল শ্বশুরবাড়ি যান এবং তাদেরকে টাকা ও স্বর্ণের চেইন ফেরত দিতে বলেন।
কিন্তু শ্বশুর-শাশুড়ি-শ্যালিকা টাকা ও স্বর্ণের চেইন ফেরত না দিয়ে হত্যার হুমকি দিয়ে কামালকে বাড়ি থেকে বের করে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়।
“অন্ধ হওয়ায় স্ত্রী আর কামালের সঙ্গে যাবেন না বলে জানিয়ে দেওয়া হয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০১৫ ঘ.
bdnews24