ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বাদশ রোজার দিন বুধবার দেশের রাজনীতিকদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণভবনে এই ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা অংশ নেন।
ইফতার অনুষ্ঠানে মূল মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্পিকার আবদুল হামিদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণআজাদী লীগের সভাপতি আব্দুস সামাদ, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মিছবাহুর রহমান প্রমুখ।
ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও আব্দুল জলিলও ছিলেন। মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও ছিলেন এই অনুষ্ঠানে।
২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্বজন ও আহতরাও এদিক প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতার করেন।
ইফতারের পর ওয়ার্কার্স পার্টির সভাপতি মেনন এবং কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সেলিমের সঙ্গে শেখ হাসিনাকে কিছু সময় কথা বলতে দেখা যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৪৫ ঘ.
bdnews24