ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ট্রেড ইউনিয়নের নেতাকর্মীদের দায়ী করা যাবে না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বুধবার সকালে রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে প্রয়াত গার্মেন্টস শ্রমিক নেতা এম এন জামান চৌধুরীর স্মরণ সভায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, “ট্রেড ইউনিয়ন কিংবা ফেডারেশনের সঙ্গে যুক্তদের তৈরি পোশাক খাতে বিশৃংখলার জন্য দায়ী করা যাবে না। যারা বিশৃংখলা তৈরি করেন তারা ট্রেড বা ফেডারেশনভুক্ত নন।”
“কারখানা বন্ধ হয়ে গেলে মালিক অন্য কোনো উপায়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শ্রমিক সব সময়ই বিপদে পরে। কারখানা বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি শ্রমিকেরই হয়”, যোগ করেন তিনি।
দুর্ঘটনাগ্রস্থ শ্রমিকদের জন্য সরকারি তহবিল থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে তা ব্যবহার করা যাচ্ছে না বলে মন্তব্য করেন মন্নুজান।
এ সময় প্রয়াত শ্রমিকনেতা জামান চৌধুরীর পরিবারের সদস্যদের সহায়তা প্রদানেরও আশ্বাস দেন তিনি।
তৈরি পোশাক শ্রমিকদের এ নেতা গত শবে বরাতের রাতে মারা যান।
গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত এই স্মরণ সভায় শ্রম মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. ইস্রাফিল আলম প্রয়াত এ নেতার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঐক্য পরিষদের সদস্য তৌফিকুর রহমান, আবুল হোসেন, শামীমা নাসরিন, আমিরুল হক আমীন, কামরুল আহসান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৬৪৫ ঘ.
bdnews24