খাগড়াছড়ি, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়িতে তিন তক্ষক পাচারকারীকে ছয়মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকালে সদর উপজেলার ভূমিকর্মকর্তা শহীদুল্লাহ নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেয়।
দণ্ডিতরা হলেন, চট্টগ্রামের সজল দাশ (৩৫), খাগড়াছড়ির কমলছড়ির উদয়ঙ্কর চাকমা (৪২) ও মো. ফারুক হোসেন (৩৪)।
খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাতে জেলা শহরের একটি হোটেল থেকে একটি তক্ষক, নগদ ১৪ হাজার টাকা ও ডিজিটাল ওজন মাপার যন্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়।
“আটক সজল দাশ স্বীকার করেন, তক্ষক কেনার জন্য তিনি খাগড়াছড়ির কমলছড়ি এলাকার উদয়ঙ্কর চাকমার কাছে আসেন,” বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩০ ঘ.
bdnews24