ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন জ্যেষ্ঠ সহকারী সচিবকে পদোন্নতি দিয়ে উপসচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে একই পদে বহাল রাখা হয়েছে। তাকে ২০১০ সালের ১৫ ডিসেম্বর থেকে ধারণাগত জ্যেষ্ঠতা দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ পদোন্নতি দেওয়া হয়। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পর্যায়ের আট কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসকদের (এডিসি) মধ্যে ভোলার রফিকুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব নিয়োগের জন্য তার চাকরি জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
খুলনার ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার আবু সাঈদকে ভোলা, রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমানকে বরিশাল, নওগাঁ মহাদেবপুরের ইউএনও মো. আখতারুজ্জামানকে রংপুর এবং ফরিদপুরের চর-ভদ্রাশনের ইউএনও আব্দুর রশীদকে পিরোজপুরের এডিসি নিয়োগ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) নিয়োগের জন্য কুমিল্লার মেঘনার ইউএনও উত্তম কুমার মণ্ডল ও রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলামকে রাজশাহী এবং গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়াকে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
৩০তম বিসিএসে আরো ১০ জনকে নিয়োগ
এছাড়া ৩০তম বিসিএস-এ উত্তীর্ণ আরো দশজনকে প্রশাসনের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
এদের মধ্যে মোহাম্মদ রেজা সারোয়ারকে পুলিশ ক্যাডারে, কাজী মো. রোকনউদ্দিনকে পরিবার পরিকল্পনা ক্যাডারে, সাজিয়া আফরিনকে পশুসম্পদ ক্যাডারে এবং শাওন চৌধুরীকে সাধারণ শিক্ষা (গার্হস্থ অর্থনীতি) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া মোহাম্মদ আহসানুল হক, মোস্তফা কামাল আরেফিন, দীনা লায়লা হোসেন, আনসার উদ্দিন আহমাদ, রোমানা বেগম এবং ফারহানা সাবরিন নীপাকে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ১২ অগাস্টের মধ্যে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের দপ্তরে যোগ দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৫১ ঘ.
bdnews24