ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি কপিরাইট আইন লঙ্ঘন করে প্রকাশ ও বিক্রি করা হচ্ছে অভিযোগ এনে মামলা করেছেন প্রকাশক।
সোমবার রাতে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড-ইউপিএল কর্ণধার মহিউদ্দিন আহমেদ রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি করেন।
থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিউদ্দিন সন্ধ্যায় একটি দোকানে গিয়ে বইটির নকল কপি দেখতে পান। পরে রাত ১১টায় কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি করেন।
তবে কোথায় প্রকাশক নকল বইটি দেখেছেন, তদন্তের স্বার্থে সেই দোকানের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন ওসি।
১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাগারে বন্দি অবস্থায় চারটি খাতায় ১৯৫৫ সাল পর্যন্ত নিজের আত্মজীবনী লিখে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ডায়েরিই ‘অসমাপ্ত আত্মজীবনী’ হিসাবে প্রকাশ করে ইউপিএল।
গত ১৯ জুন গণভবনে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা আনুষ্ঠানিকভাবে বইটি অবমুক্ত করেন।
বইটিতে জেল ও জেলের বাইরের জীবন, বাবা-মা, স্ত্রী, সন্তান ও পরিবার-পরিজনের কথা বলেছেন জাতির জনক।
বাংলাদেশের বাইরে ভারতে পেঙ্গুইন বুকস ও পাকিস্তানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে বইটি প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০৩৩ ঘ.
bdnews24