পিরোজপুর, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের জিয়ানগরে ট্রাকচাপায় এক স্কুলছাত্রের মৃত্যুর পর বিক্ষুদ্ধ এলাকাবাসী বেশ কয়েকটি বাস-ট্রাক ভাঙচুর এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
পুলিশ জানায়, সোমবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজার সংলগ্ন দুলাল মৃধার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. নাজমুল ইসলাম (১১) ইন্দুরকানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। সে ইন্দুরকানী গ্রামের ঠিকাদার মোশাররফ মাতুব্বরের ছেলে।
ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সাইকেল চালিয়ে নাজমুল স্কুলে যাচ্ছিল। এসময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় নাজমুল।
এরপর বিক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় অন্তত তিনটি ট্রাক ও একটি বাস ভাঙচুর করা হয়। এতে ইন্দুরকানী-বাগারহাট রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদরে সমাবেশ করে।
এসআই জানান, মামলার প্রস্তুতি চলছে। ট্রাকটির চালক সুমন ও তার সহকারী সামসুল ইসলামকে আটক করা হয়েছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুণ্ডু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আব্দুল খালেক গাজী, ইউপি চেয়ারম্যান আসাদুল কবির স্বপন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯১৫ ঘ.
bdnews24