২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালাফ হত্যা মামলার অভিযোগপত্র শিগগির’

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 11:44 AM

Updated : 24 Aug 2022, 11:50 AM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি নাগরিক খালাফ হত্যা মামলায় গ্রেপ্তারদের বিরুদ্ধে শিগগির অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সোমবার সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে গেলে মন্ত্রী এ কথা জানান। বৈঠক শেষে সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “খালাফের হত্যাকারীদের গ্রেপ্তার করা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। গোয়েন্দা সংস্থার তৎপরতার জন্য আমরা সফল হয়েছি। যে পিস্তল দিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল তা জব্দ করা হয়েছে।” গত ৪ জুন রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে সাইফুল ইসলাম মামুন (২৪), আল আমিন (২৫) আকবর আলি লালু রনি (২৪) নামে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জার্মানির তৈরি একটি রিভলবার। এরপর ২৪ জুলাই রাতে মানিকদী এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলাম নামের আরেকজনকে। পুলিশ দাবি করেছে, ওই অস্ত্র দিয়েই সৌদি নাগরিক খালাফ আল আলীকে গুলি করা হয়েছিল। এক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, “কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা আগে থেকেই জোরদার ছিল। তবে এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরো কঠোর করা হয়েছে।” দোভাষির মাধ্যমে সৌদি রাষ্ট্রদূত বুসাইরি সাংবাদিকদের বলেন, “মিডিয়ায় বিভিন্নভাবে এ ঘটনার মতামত এসেছে, খালাফের হত্যাকারীদের ধরা হবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের প্রতি আমরা আস্থাশীল ছিলাম, আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি।” আসামিদের গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান সৌদি রাষ্ট্রদূত। এক আসামির স্বীকারোক্তি এদিকে সৌদি নাগরিক খালাফ আল আলী হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে আল আমীন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সোমবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের কাছে নিজেসহ আরো চারজনকে হত্যার সঙ্গে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আল আমীন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। খালাফ হত্যা মামলায় গ্রেপ্তারের পর আল আমীনসহ চারজনকে আটদিনের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। রিমান্ড শেষ হওয়ার আগেই আল আমীন ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালতে জবানবন্দি দিলেন। এ আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ পরিদর্শক ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বীকারোক্তিতে আল আমিন ঘটনার সময় প্রাইভেটকারে বসে থাকার দাবি করেছে। সাইফুলসহ বাকি চার অভিযুক্ত খালাফকে ঘিরে ধরে এবং তার কাছে ডলার চায়। “ডলার না দেওয়ায় তাদের মধ্যে ধস্তাধাস্তি হয়। পরে সাইফুল তার হাতে থাকা রিভলবার দিয়ে খালাফকে গুলি করে পালিয়ে যায়।” গত ৫ মার্চ রাতে গুলশানে নিজ বাসার কাছে খুন হন সৌদি নাগরিক খালাফ আল আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/পিবি/এমডি/এএল/১৭৪২ ঘ.