হাই কোর্টে মামুন খালাস
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গিয়াস উদ্দিন আল মামুন ও তার সাবেক স্ত্রীকে খালাস দিয়েছে হাইকোর্ট।
ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গিয়াস উদ্দিন আল মামুন ও তার সাবেক স্ত্রীকে খালাস দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ সোমবার এই রায় দেয়।
গিয়াস উদ্দিন আল মামুন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ট বন্ধু হিসাবে পরিচিত।
অবৈধভাবে ১১০ কোটি ৯৬ লাখ ৫২ হাজার ৪২৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৭ মার্চ সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত মামুনকে ১০ বছর এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিনকে ৩ বছরের দণ্ড দেয়।
পরে তারা ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। আপিলের নিস্পত্তি করে সোমবার রায় দিল হাই কোর্ট।
আদালতে মামুনের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক শুনানি করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
রায়ের পর খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ের বিষয়টি দুর্নীতি দমন কমিশনে জানিয়েছি। তারা আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”
এই রায় হওয়ার পরও দুদক চাইলে সম্পদের হিসাব চেয়ে মামুনকে নতুন করে নোটিশ দিতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ৫০ ব্যক্তিকে নোটিশ দিয়ে দুদক ৭২ ঘন্টার মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলে। মামুন তাদেরই একজন ছিলেন।
ওই নোটিশের জবাবে মামুন সম্পদের হিসাব দাখিল করেননি। এরপর ৮ মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামুন ও তার তত্কালীন স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় মামুনের বিরুদ্ধে ১০১ কোটি ৭৩ লাখ ৭৩ হাজার ৩শ ৬৯ টাকা এবং শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে ৯ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
একইবছরের ২৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের আরেক সহকারী পরিচালক সৈয়দ তাহসিনুল হক।
দুদকের এই মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগে আরো বেশ কয়েকটি মামলা চলছে মামুনের বিরুদ্ধে।
