পঞ্চগড়, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস শ্রমিকদের হাতে চার ছাত্র মারধরের শিকার হওয়ার পর পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অন্তত তিনটি বাস ভাংচুর করেছে।
রোববার দুপুরে উপজেলার মীর্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের সামনে এ ভাংচুরের ঘটনা ঘটে। এরপর থেকে পঞ্চগড়-আটোয়ারী রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকরা।
তবে বাস চলাচলের বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন আটোয়ারী থানার ওসি জামাল উদ্দীন।
মীর্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ছাত্র আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (বিএমআই) কলেজের কয়েক ছাত্র আটোয়ারী বাজার থেকে কলেজে যাওয়ার জন্য নিশাদ এন্টারপ্রাইজের একটি বাসে উঠলে তাদের কলেজ থেকে দুই কিলোমিটার দূরে পল্লী বিদ্যুৎ মোড়ে নামিয়ে দেওয়া হয়।
দুপুরে বাসটি ঠাকুরগাঁও থেকে আবার আটোয়ারীতে ফিরে আসলে শিক্ষার্থীরা বাসশ্রমিকদের কাছে শিক্ষার্থীদের দূরে নামিয়ে দেওয়ার কারণ জানতে চায়। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাস শ্রমিকরা বিএমআই কলেজের ছাত্র মামুন, মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ছাত্র সালাম ও রেজাউল এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাজুকে জোর করে বাসে তুলে নিয়ে মারধর করে। এরপর দুজনকে বাস থেকে নামিয়ে দিয়ে অন্য দুজনকে ঠাকুরগাঁয়ে নিয়ে আটকে রাখা হয়।
এ খবর জানাজানির পর উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে মীর্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের সামনে তিনটি বাস ভাংচুর করে বলে জানান সালাম।
এ সময় পঞ্চগড়-আটোয়ারী সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় বলেও জানান তিনি।
পরে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা আটক দুই ছাত্রকে ছাড়িয়ে আনার প্রতিশ্র“তি দিলে বিকেল ৪টার দিকে সড়ক থেকে চলে যায় শিক্ষার্থীরা।
ওই দুই ছাত্রকে ছাড়িয়ে নেওয়া হয়েছে বলে জানান উপেজলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ।
বাস ভাংচুরের প্রতিবাদে পঞ্চগড়-আটোয়ারী রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান।
রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বাস চলাচলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২১৪০ ঘ.
bdnews24