২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে আটক ১৬

জনতা ব্যাংক কর্তৃপক্ষ বলছে, যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে প্রশ্ন ফাঁস হওয়া ‘প্রায় অসম্ভব’। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 05:54 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকা থেকে জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৬ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তাদের নেওয়া ব্যবস্থায় প্রশ্ন ফাঁস হওয়া ‘প্রায় অসম্ভব’। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক জুবায়ের সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে বংশালের শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে ওই ১৬ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে হাতে লেখা প্রশ্নও উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীতে বিভিন্ন কেন্দ্রে ‘নির্বাহী কর্মকর্তা’ পদের এই নিয়োগ পরীক্ষা হয়। জুবায়ের সালাউদ্দিন বলেন, “ওই ১৬জন দাবি করেছে, তারা সবাই পরীক্ষার্থী। তাদের প্রত্যেকের কাছে একই প্রশ্নপত্রের হাতে লেখা অনুলিপি পাওয়া গেছে। এতে মোট ১০০টি প্রশ্ন রয়েছে।” জুবায়ের সালাউদ্দিন বলেন, পরীক্ষা শেষে প্রশ্ন মিলিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে প্রশ্ন ফাঁস হওয়াটা প্রায় অসম্ভব। এটা অন্য কিছু হবে। আটক হওয়া প্রশ্ন আসল বলে আমি মনে করি না।” পরীক্ষা বাতিল করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “র‌্যাব বা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সারা রাতেও আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা আগে জানতে পারলে একটা পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু এখন পরীক্ষা হয়ে গেছে, আপনিও জানেন প্রশ্ন কি। এখন পরীক্ষা বাতিল করা সম্ভব নয়।” পরীক্ষার প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন বলেন, “এ ধরনের পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন অংশ থাকে। এক এক অংশের প্রশ্ন করেন একেক জন। তাই প্রধান সমন্বয়কারী ছাড়া আর কারো পক্ষে সম্পূর্ণ প্রশ্ন সবার জানার সুযোগ নেই।” হাতে লেখা প্রশ্নপত্র উদ্ধারের ঘটনায় কারো ‘অন্য কোনো অসৎ উদ্দেশ্য’ থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচএ/জেকে/১৩৩৫ ঘ.