বরিশাল, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ফজলুল হক-৩ নামের একটি কার্গোর ধাক্কায় ডিজেল বোঝাই ট্যাংকার এমটি মেহেরজান ডুবে গেছে।
বুধবার রাতে উপজেলার গবিন্দপুর কালিগঞ্জ এলাকায় ডুবে যাওয়া ট্যাংকারের গ্রিজার মো. নিজাম উদ্দিন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি মীর সরাই এলাকার বাসিন্দা। তবে, ট্যাংকারে অন্য আরোহীরা তীরে উঠে আসে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন জানান, নিখোঁজ নিজামউদ্দিনের খোঁজে নদীতে তল্লাশী চালানো হচ্ছে।
তেল নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ডুবে যাওয়া ট্যাংকারটির মাস্টার মো. নাসিরউদ্দিন জানান, এতে চার কোটি ২৭ লাখ টাকা মূলেে সাত লাখ লিটার ডিজেল ছিল।
ফজলুল হক-৩ কার্গোটি ফেলে রেখে এর মাস্টার ও সুকানি পালিয়ে গেছে। কার্গোর নিরাপত্তায় পুলিশ মোতায়ান করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫২৮ ঘ.
bdnews24