২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুএ বছর সারচার্জের প্রয়োজন নেই: অর্থমন্ত্রী

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হলেও এ বছর সারচার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 09:09 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হলেও এ বছর সারচার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে এক সভা শেষে মন্ত্রী বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে এ বছরে খরচের জন্য সরকারের কাছে টাকা রয়েছে। তাই এ বছর সারচার্জ নিতে হবে না।” রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ বুধবার সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার বৈঠকে পদ্মা সেতুর অর্থায়নের জন্য অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের সিদ্ধান্তের ধারাবাহিকতায় সারচার্জ আরোপের নির্দেশনা পেয়েছেন তারা। পদ্মা সেতুর অর্থায়নে ঋণচুক্তি বাতিলের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগীকে চিঠি পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ ধরনের কোনো চিঠি পাঠায়নি। পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে জাইকা ও বিশ্বব্যাংকের বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, “পদ্মা সেতু নিয়ে জাইকা ও বিশ্বব্যাংকের বৈঠক আজ ভোরে শেষ হয়েছে, বৈঠকের ফলাফল এখনো আমরা জানি না।” বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের অর্থায়ন চুক্তি বাতিল করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে এ সেতু নির্মাণের ঘোষণা দেন। জাতীয় সংসদে এর রূপরেখাও তিনি তুলে ধরেন। পরে মন্ত্রিসভার বৈঠকে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত হয় এবং আগ্রহীদের কাছ থেকে অনুদান নিতে দুটি ব্যাংক হিসাব খেলা হবে বলে জানানো হয়। ব্যাংক হিসাবের জন্য একটি নীতিমালা করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “অ্যাকাউন্ট দুটির একটি দেশীয় ও অপরটি বিদেশি অর্থের জন্য। সরকারি ব্যাংকের পাশাপাশি বেসরকারি ব্যাংকেও এ হিসাব খোলার কথা ভাবা হচ্ছে।” অর্থমন্ত্রী জানান, নীতিমালাটি চূড়ান্ত হলে অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে। হিসাব দুটি পরিচালনা করবে সেতু কর্তৃপক্ষ। এ একাউন্টের অর্থ বাজেট আইন অনুযায়ী ব্যয় করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে দাতাদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি নিজস্ব অর্থায়নের উদ্যোগও অব্যাহত থাকবে বলে জানান অর্থমন্ত্রী। ‘দেশপ্রেম’ থেকেই আবুল হোসেন মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন উল্লে¬খ করে অর্থমন্ত্রী বলেন, “আবুল হোসেনের স্বেচ্ছা পদত্যাগ বিশ্বব্যাংকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার ক্ষেত্রে সহায়ক হবে। আবুল হোসেন পদত্যাগ করেছেন তা বিশ্ব ব্যাংককে জানানো হয়েছে, দেখি কি হয়।” বিশ্ব ব্যাংকের শর্ত পূরণের অংশ হিসাবে গত সোমবার মন্ত্রী পদ ছাড়েন সৈয়দ আবুল হোসেন, যিনি পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে টানাপোড়েন শুরুর সময় যোগাযোগমন্ত্রীর দায়িত্বে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএইচএ/এসইউ/১৫৫০ ঘ.