ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পে অস্থিরতা এড়াতে ঈদের আগে শ্রমিকদের বেতনভাতা ও উৎসব বোনাস পরিশোধ করার আশ্বাস দিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকরা।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে এক ত্রিপক্ষীয় সভায় তারা এ প্রতিশ্রুতি দেন।
ঈদের আগে তৈরি পোশাক শ্রমিকদের বেতন ভাতা ও উৎসব বোনাস নিয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা এবং ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে যানজট এড়ানোর বিষয়ে আলোচনা করতে ‘আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সিদ্ধান্ত অনুযায়ী এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন এতে সভাপতিত্ব করেন।
বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস ঈদের আগেই পরিশোধের জন্য শিল্প মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তারাও এতে সম্মত হয়েছেন।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, “সভার সিদ্ধান্তের ব্যাপারে আমরা একমত। কারণ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতনভাতা পরিশোধের ব্যবস্থা নেওয়া হবে।”
চাঁদ দেখা সাপেক্ষে অগাস্ট মাসের ১৯ বা ২০ তারিখ বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রী জানান, সভায় ঈদের আগেই বেতন ও উৎসব ভাতা পরিশোধের পাশাপাশি ঈদের সময় কোনো কারখানা বন্ধ করে না দেওয়া এবং যানজট পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। কথা হয়েছে ঈদের সময় ব্যবসায়ীদের অর্থ পরিবহনের নিরাপত্তার বিষয় নিয়েও।
“ব্যবসায়ীদের অর্থ জমা বা উত্তোলন এবং পরিবহনের ক্ষেত্রে পুলিশের সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পুলিশের সাহায্য চাইলে তারা অর্থ পরিবহনের ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে”, বলেন স্বরাষ্ট্র মন্ত্রী।
ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার জন্য বন্ধের দিনও ব্যাংকগুলোকে খোলা রাখার আহ্বান জানানোর সিদ্ধাš হয় সভায়।
এছাড়া ঈদের আগে ঢাকার বিভিন্ন সড়কে যানজট এড়াতে এক বা একাধিক নিয়ন্ত্রণ কক্ষ খোলার সিদ্ধান্ত নেওয়া হয় সভায়। পুলিশ, পরিবহন শ্রমিক প্রতিনিধি, অগ্নি নির্বাপন বাহিনী, তিতাস গ্যাস ও বিদ্যুৎ খাতের প্রতিনিধি এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ বিষয়টি দেখভাল করবেন।
সভা শেষে জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, সভায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করা তৈরি পোশাক কারখানার তালিকা তৈরি এবং নজরদারির সিদ্ধান্ত হয়েছে। কারণ এসব কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ নিয়েই সবচেয়ে বেশি ঝামেলা হয়। এদের জবাবদিহির আওতায় আনারও সিদ্ধান্ত হয়েছে।
সভায় উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, আগামী ১৫ অগাস্টের মধ্যে তৈরি পোশাক শ্রমিকদের বেতন ও উৎসব ভাতা পরিশোধ করার কথা হয়েছে বৈঠকে।
“একইসঙ্গে বিজিএমইএর সদস্য নয় এমন পোশাক কারখানাগুলোর ওপর নজরদারি করার সিদ্ধান্ত হয়েছে। কারণ এসব কারখানা ঈদসহ বিভিন্ন উৎসবের আগে বেতন-ভাতা পরিশোধ না করে বন্ধ করে দেওয়া হয়। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।”
অন্যদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিকিউকে মুশতাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, বিটিএমএ সভাপতি জাহাঙ্গীর আলামিন ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৫২৫ ঘ.
bdnews24