চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্য হাতির আক্রমণে বুধবার এক কৃষকের মৃত্যৃ হয়েছে।
নিহত কৃষক মো. হাসেম (৫৬) উপজেলার পুকুরিয়া ইউনিয়নের দলতলী গ্রামের বাসিন্দা। হাতির আক্রমণে নিহতের ছেলে জয়নাল আবেদীনও (১৭) গুরুতর আহত হয়।
সকাল ৬ টার দিকে ওই এলাকার পাহাড়ের পাদদেশে কৃষিকাজ করার সময় ওই কৃষককে দুটি বুনো হাতি আক্রমণ করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কৃষক হাসেম ও তার ছেলে সকালে একটি পেয়ারা বাগানে কাজ করার সময় জঙ্গল থেকে হঠাৎ দুটি হাতি এসে তাদের আক্রমণ করে।
এতে ঘটনাস্থলেই নিহত হন হাসেম। তার ছেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়ি জঙ্গল থেকে আসা বন্য হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছেলেও।
চেয়ারম্যান আকতার বলেন, “প্রায়ই ওই এলাকার জঙ্গল থেকে ৩০-৩৫ টি হাতির একটি দল লোকালয়ে চলে আসে। আমি বন বিভাগ ও প্রশাসনকে বারবার এ বিষয়ে প্রতিকার চেয়ে ব্যবস্থা নিতে বলেছি।
“কিন্তু বন্য হাতির আক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে কোনো ধরনের কার্যকর ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। বন্য হাতি লোকালয়ে চলে আসলে স্থানীয় জনগণ টিনের বেড়া ও মশাল জ্বালিয়ে তাড়ানোর চেষ্টা ছাড়া তাদের আর কিছু করার থাকে না।”
বিভিন্ন এলাকায় নদী ভাঙনের শিকার লোকজন ওই এলাকায় বসবাস করছে উল্লেখ করে চেয়ারম্যান জানান, তার এলাকার হাজার হাজার মানুষ বুনো হাতির আক্রমণের ঝুঁকিতে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৯২৬ ঘ.
bdnews24