২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ৪ ‘হিযবুত তাওহীদ’ সদস্য গ্রেপ্তার

জেলা শহর থেকে হিযবুত তাওহীদের সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2012, 12:17 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

শেরপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহর থেকে হিযবুত তাওহীদের সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত এবং বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। রাতে মাধবপুরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা থেকে গ্রেপ্তার হন টাঙ্গাইলের মীর্জাপুর উপজেলার পেকুয়া বাশতৈল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাজম আল ইসলাম (১৯), শেরপুর পৌরসভার চকপাঠক এলাকার তারেক হোসেনের ছেলে মো. মাহবুব হোসেন (২০) এবং বাগরাকসার ছানাউল্লাহ’র ছেলে মো. আসলাম (১৮)। বুধবার ভোরে বাগরাকসা গ্রেপ্তার হন হিযবুত তাওহীদের সাবেক জেলা আমির মনিরুজ্জামান মনির (৩০)। শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান সাংবাদিকদের বলেন, তাদের কাছ থেকে লিফলেট, নোটবুক, জেহাদি বই ও সিডি উদ্ধার করা হয়েছে। তারা হিযবুত তাওহীদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য শেরপুর কাজ করছিলেন বলে পুলিশকে জানান, বলেন এই কর্মকর্তা। এসপি আরো বলেন, উদ্ধার করা নোটবুকে হিযবুত তাওহীদের শেরপুর শহরে কর্মরত আরো অনেক সদস্যের নাম পাওয়া গেছে। শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন বলেন, এ ব্যাপারে শেরপুর সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৩ ঘ.