ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দুর্বৃত্তের কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করার পর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ দাবি করছে, ওই অস্ত্র দিয়েই সৌদি নাগরিক খালাফ আল আলীকে গুলি করা হয়েছিল।
পুলিশ বলছে, খালাফের দেহ থেকে উদ্ধার করা গুলির অংশ এবং রিভলবারটি পরীক্ষা করে তারা এ বিষয়ে নিশ্চিত হয়েছে। যদিও একজন অস্ত্র ব্যবসায়ীর মতে, শুধু গুলির অংশ দিয়ে কোনোভাবেই এটা প্রমাণ করা সম্ভব নয়।
গত ৪ জুন রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে সাইফুল ইসলাম মামুন (২৪), আল আমিন (২৫) আকবর আলি লালু রনি (২৪) নামে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জার্মানির তৈরি একটি রিভলবার।
এরপর ২৪ জুলাই রাতে মানিকদী এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলাম নামের আরেকজনকে।
বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোল্লা নজরুল ইসলাম দাবি করেন, গত বছরের ২৯ সেপ্টেম্বর খিলক্ষেতে সেবা ক্লিনিকের মালিকের বাসায় ডাকাতির সময় ওই তিনজন ছাড়াও রফিকুল ইসলাম নামে আরেকজন অন্যান্য মালামালের সঙ্গে ওই অস্ত্রটি লুট করে।
“অস্ত্রটি উদ্ধার করার পর খালাফের দেহ থেকে পাওয়া গুলির অংশের সঙ্গে পরীক্ষা করে সিআইডি নিশ্চিত হয়েছে যে এটি দিয়েই সৌদি দূতাবাস কর্মকর্তাকে হত্যা করা হয়েছে।”
নজরুল জানান, ওই চারজনকে খালাফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের রিমান্ডেও নেওয়া হয়েছে।
এদিকে সংবাদ সম্মেলন শুরুর আগে পুলিশ উপ-কমিশনার মাসুদুর রহমানের কক্ষে মামলার তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার ওবায়দুল হক সাংবাদিকদের জানান, খালাফ হত্যাকাণ্ডে অস্ত্রটি ব্যবহারের বিষয়ে তারা নিশ্চিত হতে পারলেও গ্রেপ্তারকৃত চারজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেনি।
এ সময় পাশ থেকে গোয়েন্দা পুলিশের আরেক কর্মকর্তা বলেন, “গ্রেপ্তারকৃতরা একজন আরেকজনের ওপর গুলি করার দায়িত্ব চাপাচ্ছে। ফলে কে গুলি করেছে সে বিষয়টি নিশ্চিত নয়। তদন্ত করে দেখা হচ্ছে।”
এ সময় উপ-কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, “অস্ত্রটি যেহেতু তাদের কাছে পাওয়া গেছে এবং অন্য কারো কাছে তারা দেয়নি বলে দাবি করছে, সেক্ষেত্রে তারাই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা নিশ্চিত।
ওই চারজন এখন পর্যন্ত স্বীকারোক্তি না দিলেও রিমাণ্ডের বকি দিনগুলোতে তারা আরো তথ্য দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মোল্লা নজরুল ইসলাম দাবি করেন, ছিনতাইয়ের চেষ্টার সময় বাধা পেয়ে দুর্বৃত্তরা খালাফকে গুলি করেছে।
মাটিতে রক্তের দাগ কেন ছিল না- এ প্রশ্নের জবাবে তার উত্তর ছিল, “শরীরের ভেতরেই রক্ত ক্ষরণ হয়েছে।”
গত ৫ মার্চ রাতে খালাফ আল আলীকে গুলির পর প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিল, একটি সাদা রংয়ের গাড়ি দ্রুত বেগে চলে যেতে দেখেছেন তারা। তবে পুলিশ বলেছে, ২৪ জুলাই যে গাড়িটি উদ্ধার করা হয়েছে, তার রং হলুদ।
পুলিশের দাবি, “রাতে ওই রঙের গাড়ি সাদাই দেখা যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জেকে/এমআই/২৩০৫ ঘ.
bdnews24