নেত্রকোনা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ূন আহমেদের স্বপ্ন পূরণে তার গড়া নেত্রকোনার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ সরকারি করার দাবি জানিয়েছেন স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনরা।
লেখকের মৃত্যুতে তিন দিনের শোক পালন শেষে বুধবার স্কুল প্রাঙ্গণে হুমায়ূন আহমেদের চাচা আলতাবুর রহমান বলেন, “শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী আশায় বুক বাঁধছেন, শিক্ষামন্ত্রী স্কুলে আসবেন, স্কুলটি সরকারি হবে। সেইসঙ্গে পূরণ হবে হুমায়ূন আহমেদের স্বপ্ন।”
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে ২০০৬ সালে এই ‘শহীদ স্মৃতি বিদ্যাপীঠ’ গড়ে তোলেন হুমায়ূন। প্রথমে ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করলেও পরে স্কুলটি দশম শ্রেণী পর্যন্ত উন্নীত করা হয়। বর্তমানে এই স্কুলে ১৭ জন শিক্ষক এবং ২৫৭ জন শিক্ষার্থী রয়েছে।
হুমায়ূন আহমেদ ২০০৯ সালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে শহীদ স্মৃতি বিদ্যাপীঠে আসার আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন জানিয়ে প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষামন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন।”
“মন্ত্রীর ফিরতি চিঠি পেয়ে হুমায়ূন আহমেদ আমাদের বলেছিলেন, শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি স্কুলে আসবেন। সেই আসা আর হলো না”, বলেন তিনি।
শিক্ষামন্ত্রীর পাঠানো সেই চিঠি হাতে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে আসাদুজ্জামান বলেন, “হুমায়ূন স্যার স্কুলটি নিয়ে স্বপ্ন দেখতেন। স্কুলটি হবে বহুমুখী। এক সময় স্কুলটি কলেজে উন্নীত হবে, সরকারি হবে। এখানের শিক্ষার্থীরা হবে মেধাবী। উপমহাদেশের মধ্যে স্কুলটি হবে মডেল।”
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। মঙ্গলবার গাজীপুরে নিজের হাতে গড়া নুহাশ পল্লীতে তাকে সমাহিত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৭০২ ঘ.
bdnews24