নরসিংদী, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর শিবপুর উপজেলায় সোমবার রাতে সিঁদ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খলাপাড়া গ্রামে নিহত মমতাজ বেগম (৫৫) গ্রামের রূপচান মিয়ার স্ত্রী। তাদের তিন সন্তান রয়েছে।
সীমানা নিয়ে বিরোধের জের ধরে মমতাজকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার দায়ের করা এক মামলায় অভিযোগ করেছেন রূপচান।
মামলার বরাত দিয়ে শিবপুর থানার ওসি মো. বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, সীমানা নিয়ে প্রতিবেশী ছাত্তার মিয়ার সঙ্গে রূপচানের দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সোমবার রূপচান ব্যবসার কাজে ঢাকা যান।
রাতে মমতাজ এক ঘরে এবং তার তিন ছেলে অন্য ঘরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা সিঁদ কেটে ঘরে ঢুকে ঘুমন্ত মমতাজকে শ্বাসরোধ করে হত্যা করে।
এ সময় রূপচানের এক ছেলে ঘুম থেকে জেগে উঠে দুইজন লোককে ঘর থেকে বেরিয়ে যেতে দেখে।
এ ঘটনায় রূপচান থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মমতাজের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০৫৪ ঘ.
bdnews24