সাভার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকদের বিক্ষোভের কারণে সাভারের আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানায় মঙ্গলবার কোনো কাজ হয়নি।
মঙ্গলবার সকালে জামগড়া এলাকার ‘ফ্যাশন নিট কম্পোজিট লিমিটেড’ ও ‘ড্রেসআপ সোয়েটার লিমিটেড’ কারখানার শ্রমিকরা ছাঁটাইয়ের প্রতিবাদে মিছিল করলে ফ্যাশন নিট কর্তৃপক্ষ এদিনের জন্য ছুটি ঘোষণা করে। কাজ হয়নি ড্রেসআপেও।
শিল্প পুলিশ-১ আশুলিয়া অঞ্চলের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্যাশন নিট কম্পোজিট কারখানার প্রায় ১৮শ’ শ্রমিক ১১৫ জন সহকর্মীর ছাঁটাইয়ের নোটিস প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করে।
শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বেলা ১২টার দিকে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়।
ড্রেসআপ সোয়েটার লিমিটেডের শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল থেকে কাজ বন্ধ করে বিক্ষোভ করে।
অন্যদিকে ধনাইদ এলাকার ‘মাল্টি মডার্ন ফ্যাশন’ কারখানা কর্তৃপক্ষ কারখানার মূল ফটকে তালা দেখে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
মোখলেছুর রহমান বলেন, মাল্টি মডার্ন ফ্যাশন কারখানায় সোমবারের শ্রমিক-পুলিশ সংঘর্ষের পর কোনো ঘোষণা ছাড়াই রাতে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা ফটকের সামনে এসে তালা ঝোলানো দেখে কিছু সময় বিক্ষোভ করে চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২০১৪ ঘ.
bdnews24