মেহেরপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে মঙ্গলবার মেহেরপুর সদরে প্রতিপক্ষের হাতে এক কৃষক খুন হয়েছেন।
নিহত ফিদু হোসেন (৪০) রাজাপুর গ্রামের আজির বক্সের ছেলে।
প্রত্যক্ষদর্শী আজমত শেখ (৫৫) সাংবাদিকদের বলেন, ফিদু হোসেন একজন কৃষক। তার জমিতে কবুতরের উৎপাত নিয়ে গ্রামের সাবদার আলীর ছেলে কাবিদুল ইসলামের সঙ্গে সোমবার বিকালে তার কথা কাটাকাটি হয়।
এর জেরে মঙ্গলবার দুপুরে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার সময় কাবিদুল ইসলাম হাসুয়া দিয়ে পিছন থেকে ফিদুর গলার দুইপাশে কোপ দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফিদুর মৃত্যু হয়।
মেহেরপুরের সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের দেওয়া হয়েছে।
ওসি বলেন, কাবিদুল একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ঘটনার পর থেকে তিনি পালিয়ে আছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.
bdnews24