ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্লাইওভার নির্মাণের কারণে ঢাকা মহানগরীতে সৃষ্ট যানজট এড়াতে বিকল্প সড়ক নির্মাণ করার পরামর্শ দিয়েছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, “সড়ক বন্ধ করে ফ্লাইওভার নির্মাণ ও যান চলাচলে বাধার সৃষ্টি করার কারণে বড় ধরণের সমস্যা হয়। এতে যানজটের সৃষ্টি হয়ে নগরবাসীর দুর্ভোগ বাড়ে। এজন্য বাইপাস (বিকল্প সড়ক) তৈরি করে এসব স্থাপনা নির্মাণের কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।”
তিনি জানান, বৈঠকে রোজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনা রোধ, ভেজালবিরোধী তৎপরতা অব্যাহত রাখা, মাদকের বিস্তার রোধ এবং ঈদকে সামনে রেখে তৈরি পোষাক শিল্পে সম্ভাব্য অরাজকতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
তিনি বলেন, আদালতে সময়মতো সাক্ষীদের সাক্ষ্য না নেওয়া এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যার কারণে সাক্ষীরা সাক্ষ্য দিতে আসছে না। এতে মামলাগুলো নিস্পত্তি না হয়ে দীর্ঘসূত্রিতা বাড়ছে।
এ অবস্থা নিরসনে কার্যকর ব্যবস্থা নিতে এবং সাক্ষীদের উপস্থিতি ও সাক্ষ্য নেওয়া নিশ্চিত করতে আদালতের প্রসিকিউটর এবং পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
ভেজালবিরোধী অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বছরজুড়ে চলমান ভেজালবিরোধী তৎপরতা আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য সাড়াশি অভিযান চালানো হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা আরো বাড়ানো হবে।
ভ্রাম্যমাণ আদালত ও ভেজালবিরোধী অভিযান পরিচালনায় সমস্যা সমাধানে আইনমন্ত্রী আইন সংশোধন ও প্রয়োজন নতুন আইন প্রণয়নেরও আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
যানজট নিরসনে ফুটপাতের হকার উচ্ছেদ এবং হকারদের থেকে পুলিশের চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ফুটপাতের দোকান উচ্ছেদের জন্য সম্মিলিত সিদ্ধান্ত দরকার। কারণ এটা শুধু এখন নয়, সব সরকারের সময়ই ছিল।”
“আমরা উচ্ছেদের পরিবর্তে চেষ্টা করছি, তারা যেন ফুটপাতেই থাকে। তারা যেন দোকান নিয়ে মূল সড়কে বসে না যায়”, যোগ করেন তিনি।
ঈদকে সামনে রেখে তৈরি পোশাক শিল্পের সম্ভাব্য অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।
আইনমন্ত্রী শফিক আহমেদ, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫১৩ ঘ.
bdnews24