গাজীপুর, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ূন আহমেদের দাফনে উপস্থিত হতে বৃষ্টির মধ্যেই গাজীপুরের নুহাশ পল্লীতে জড়ো হয়েছিলেন অসংখ্য পাঠক, ভক্ত ও অনুরাগী।
প্রায় এক যুগ আগে গাজীপুরে ৪০ বিঘা জমির ওপর এই বাগানবাড়ি গড়ে তোলেন নন্দিত কথাশিল্পী হুমায়ূন। নাম রাখেন নিজের বড় ছেলে নুহাশের নামে। এক পর্যায়ে এই নুহাশপল্লী হয়ে ওঠে তার নিজের ‘জীবনের চেয়েও’ প্রিয়।
এই বাগান বাড়িতেই তার দেখিয়ে যাওয়া একটি লিচু গাছের নিচে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি।
ময়মনসিংহের ভালুকার কলেজ ছাত্র সাইফুর রহমান জানান, ইচ্ছা থাকলেও সোমবার ঢাকায় শহীদ মিনারে লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে যেতে পারিনি।
“ভোররাতে সেহেরির সময় টেলিভিশনে জানলাম- স্যারকে দাফন করা হবে গাজীপুরের নুহাশ পল্লীতে। তখন আর বসে থাকতে পারলাম না। সেহেরি খেয়েই নুহাশ পল্লীর উদ্দেশ্যে রওনা দিয়েছি।”
মুদি ব্যবসায়ী আবু তাহের এসেছিলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে। তিনি বলেন, “হুমায়ূন স্যার অনেক বড় বড় বিষয় অল্প কথায় গুছিয়ে লিখতেন। সেই স্কুল জীবন থেকে আমি স্যারের ভক্ত। তাই বৃষ্টি মাথায় নিয়ে ছুটে এসেছি।”
কালিয়াকৈর থেকে আসা শাহীন, লাবিব ও মাহবুবও একই রকম বক্তব্যে হুমায়ূনের প্রতি শ্রদ্ধা আর ভালবাসার কথা জানান।
পিরুজালি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সব শিক্ষার্থী ক্লাস বাদ দিয়ে নুহাশ পল্লীতে এসেছিল হুমায়ূন আহামেদকে শ্রদ্ধা জানাতে।
ওই স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী লাকী আক্তার বলে, “আমি কোনো বই পড়িনি। অনেক নাটক দেখেছি। আমরা স্কুলের সাবাই এসেছি স্যারকে দেখতে।”
গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। সোমবার সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর পর দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে তার জানাজা হয়।
মঙ্গলবার দাফনের বিষয়টি চূড়ান্ত হলেও লেখককে কোথায় সমাহিত করা হবে তা নিয়ে গভীর রাত পর্যন্ত মতবিরোধ চলে পরিবারের সদস্যদের মধ্যে। দফায় দফায় পারিবারিক বৈঠক শেষে গভীর রাতে হুমায়ূনের ভাই মুহম্মদ জাফর ইকবাল জানান, লেখকের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের ইচ্ছায় নুহাশ পল্লীতেই তার দাফন হবে।
মঙ্গলবার সকালে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘর থেকে হুমায়ূনের মরদেহ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হয় একটি অ্যাম্বুলেন্স। ওই অ্যাম্বুলেন্সের সঙ্গেই বেলা ১২টা ৫ মিনিটে নুহাশ পল্লীতে পৌঁছান লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাদের দুই সন্তান নিষাদ ও নিনিত।
এর কিছুক্ষণ আগেই হুমায়ূনের প্রথম স্ত্রী গুলতেকিন আহমেদের ছেলে নুহাশ আহমেদ, মেয়ে শীলা ও নোভা এবং লেখকের ভাই মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব এবং তাদের দুই বোন নুহাশপল্লীতে পৌঁছান।
নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাতে ঢাকায় পরিবারের সদস্যরা লেখকের দাফনের স্থান চূড়ান্ত করার পর সকালেই তারা প্রস্তুতি নিতে শুরু করেন।
সকালেই সেখানে কবর খোঁড়া শুরু হয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১৩৩২ ঘ.
bdnews24