২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে যুবককে গুলি করে হত্যা

রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 05:24 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে চিড়িয়াখানার রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশের গলি থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। শাহআলী থানার ওসি মো. সেলিমুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে দুর্বৃত্তরা যুবকের মাথায় গুলি করে হত্যার করে পালিয়ে যায় বলে তিনি ধারণা করছেন। তিনি বলেন, লাশটি পড়ে থাকার স্থানে রক্তের ছাপ রয়েছে। তাই হত্যাকাণ্ডটি সেখানে ঘটার সম্ভবনাই বেশি। যুবকটির পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি-শার্ট। বয়স আনুমানিক পঁয়ত্রিশ হবে বলে ওসি জানান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১১১২ ঘ.