ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সালেহ উদ্দিন বলেছেন, একাত্তরে সালাউদ্দিন কাদের চৌধুরী গুডস হিলে নিয়ে তার ওপর নির্যাতন চালিয়েছিলেন।
সোমবার আস্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যে একথা বলেন মোহাম্মদ সালেহ উদ্দিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র থাকাকালে সালেহ উদ্দিনকে ১৯৭১ সালে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে একটি গ্রাম থেকে তুলে সালাউদ্দিন কাদেরের পৈত্রিক বাড়ি গুডস হিলে নেওয়া হয়।
অধ্যাপক সালেহ উদ্দিন জানান, সেখানে পুরো দিন ধরে নির্যাতন চলে এবং সালাউদ্দিন কাদের নিজে তার গায়ে হাত তুলেছিলেন।
এই অধ্যাপক বলেন, মুসলিম লীগ নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসু তাকে মোহরা গ্রামের রাজ্জাক চৌধুরীর বাড়ি থেকে তুলে আনেন।
’৭১ সালের মার্চের মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ হয়ে গেলে সালেহ উদ্দিন ক্যাম্পাস ছেড়ে মোহরা গ্রামে ছিলেন।
“তারা যখন আসে তখন সম্ভবত সকাল সাড়ে ৫টা বা ৬টা হবে। শামসু চেয়ারম্যান দুই সহযোগীসহ আমার দরজায় টোকা দেয়। তখন তার ডান পকেটে হাত ঢোকানো ছিল। অস্ত্র থাকার আভাস পেয়ে আমি ভয় পেয়েছিলাম।”
শামসু সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর অনুসারী ছিলেন বলে জানান সালেহ উদ্দিন। ফজলুল কাদের স্বাধীনতার পর বন্দি অবস্থায় মারা যান।
সালেহ আহমেদ বলেন, শামসু আমাকে নিয়ে ২০০-৩০০ গজ এগোনোর পর সৈন্যদের একটি জিপ দেখি সেখানে। দুই পাকিস্তানি সেনা আমাকে ধরে নিয়ে গাড়িতে তোলে। শামসু জিপের সামনে বসেন, গুডস হিলে যাওয়ার পথে আরাকান রোডে তার বাড়ির সামনে তাকে নামিয়ে দিয়ে আবার চলতে থাকে।
“আমাকে সেখানে নিয়ে ফজলুল কাদের চৌধুরীর সামনে নিয়ে যাওয়া হয়। আমিই সালেহ উদ্দিন এটা নিশ্চিত হয়ে তিনি বলেন, ওকে ভাল করে ডলা দাও।”
সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলায় ট্রাইব্যুনালের এই অষ্টম সাক্ষী বলেন, তারপর তাকে একটি গ্যারেজে বন্দি রেখে হামিদুল কবির ও স্থানীয় রাজাকার নেতা সেকেন্দার তাকে পেটান।
ব্যাপক মারধরের পর সালেহ উদ্দিনকে জিজ্ঞাসা করা হয়, তার সঙ্গে আর কে কে আছে। তিনি নেতিবাচক উত্তর দিলে নির্যাতন আরো বাড়ে।
“এক পর্যায়ে, প্রায় অজ্ঞান হওয়ার সময় পাক সেনার এসে খাটের পায়া দিয়ে আমাকে পেটাতে থাকে এবং সিঁড়ির নিচে অর্ধ-চেতন অবস্থায় ফেলে যায় তারা,” বলেন সালেহ উদ্দিন।
এরপর সালাউদ্দিন কাদের এসে গালে থাপ্পর দেন বলে জানান তিনি।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ২৩টি অভিযোগে ৪ এপ্রিল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের প্রথম যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/০০৫৮ ঘ.
bdnews24