২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের রুলিং চ্যালেঞ্জ করে রিট আবেদন

এক বিচারকের বক্তব্য কেন্দ্র করে স্পিকারের রুলিং চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন হয়েছে হাই কোর্টে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক বিচারকের বক্তব্য কেন্দ্র করে স্পিকারের রুলিং চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন হয়েছে হাই কোর্টে। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এ বি এম আলতাফ হোসেন সিদ্দিকীর বেঞ্চে সোমবার এই আবেদনের প্রাথমিক শুনানির পর মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ঠিক হয়েছে। এই আবেদনের শুনানিতে হাই কোর্টের একটি বেঞ্চ বিব্রত বোধ করার পাঁচ দিন পর সোমবার এই বেঞ্চে আবেদনটি নিয়ে আসেন এ কে এম শফিউদ্দিন। রিট আবেদনে হাই কোর্টের এক বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন উল্লেখ করে গত ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিং অবৈধ ঘোষণার আদেশ চাওয়া হয়েছে। পাশাপাশি রুল আদালতের বিবেচনাধীন অবস্থায় ক্ষমতার পৃথকীকরণ বিষয়ক সংবিধানের একটি ধারা লঙ্ঘন করে স্পিকার যাতে কোনো রুলিং বা আদেশ দিতে না পারেন, সে বিষয়ে একটি অন্তর্বর্তীকালীন আদেশও চাওয়া হয়েছে। নিজের সম্পর্কে হাই কোর্ট বিভাগের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মন্তব্যে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে গত ১৮ জুন সংসদে রুলিং দেন আবদুল হামিদ। গত ২৯ মে সংসদে দেওয়া স্পিকারের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। সুপ্রিম কোর্টের জমি ছেড়ে দিতে সড়ক ও জনপথ বিভাগকে দেওয়া উচ্চ আদালতের একটি আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে স্পিকার সেদিন বলেছিলেন, আদালতের রায়ে ক্ষুব্ধ হলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। স্পিকারের ওই বক্তব্য রাষ্ট্রদ্রোহের শামিল অপরাধ বলে ৫ জুন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মন্তব্য করলে সেদিনই সংসদে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। রুলিংয়ে আবদুল হামিদ বলেন, “হাই কোর্টের একজন মাননীয় বিচারপতি সংবিধানের ৭৮(১) অনুচ্ছেদ লঙ্ঘন করে সংসদ সম্পর্কে, আমার সম্পর্কে যে সব মন্তব্য করেছেন তা কোনো বিবেকবান মানুষ উচ্চারণ করতে পারেন কি না, আমার সন্দেহ রয়েছে।” সংসদ সদস্যদের ক্ষোভের প্রতি শ্রদ্ধা রেখে স্পিকার আশা প্রকাশ করেন, ওই বিচারকের অনাকাঙ্ক্ষিত বক্তব্যের বিষয়ে প্রধান বিচারপতিই পদক্ষেপ নেবেন। শুনানি হাই কোর্টে শফিউদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার আক্তার ইমাম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। শুনানিতে রোকনউদ্দিন মাহমুদ বলেন, “আদালতের আদেশ না জেনেই স্পিকার রুলিং দিয়েছেন। আদালতের কোনো বিচারপতি সম্পর্কে রুলিং দেওয়ার আগে আদেশটি দেখা উচিত ছিল। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেখে এ জাতীয় স্পর্শকাতর বিষয়ে রুলিং দেওয়া ঠিক হয়নি।” আবেদনকারীর অন্য আইনজীবী আক্তার ইমাম বলেন, উচ্চ আদালতের একজন বিচারপতি সম্পর্কে স্পিকার এ ধরনের অভিমত দিতে পারেন না। তিনি তার এখতিয়ারের বাইরে গিয়ে এই রুলিং দিয়েছেন। এটা সংসদীয় কার্যপ্রণালীর পরিপন্থী।” “প্রধান বিচারপতিকে ব্যবস্থা নেওয়ার যে অনুরোধ করেছেন, তার কোনো সুযোগ নেই। একজন বিচারপতির বিরুদ্ধে শুধুই রাষ্ট্রপতি ব্যবস্থা নিতে পারেন,” বলেন তিনি। এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় শুনানি এক সপ্তাহ মুলতবি রাখার আবেদন জানিয়ে বলেন, এটা সাংবিধানিক বিষয়। অ্যাটর্নি জেনারেল নিজে শুনানি করবেন। বর্তমানে তিনি ব্যস্ত আছেন। তাই সময় দরকার। রোকনউদ্দিন মাহমুদ এই আবেদনের বিরোধিতা করে বলেন, এটা একটি স্পর্শকাতর বিষয়। এ মামলা দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। “অ্যাটর্নি জেনারেলকে নিচে দাঁড়ানো দেখেছি। এখানে রাষ্ট্রের ক্ষমতা পৃথকীকরণ নিয়ে শুনানি হচ্ছে। আর ডিএজি সময় চাচ্ছেন। এটা কি ছেলেখেলা পেয়েছেন?” এরপর আদালত মঙ্গলবার সকালে পরবর্তী শুনানির দিন ঠিক করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/২২০৬ ঘ.