২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হুমায়ূন নুহাশ পল্লীর কথাই বলে গেছে’

হুমায়ূন আহমেদের নিজের হাতে গড়া নুহাশ পল্লীতেই তাকে দাফন করার জন্য সবার সহযোগিতা চেয়ে তার স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, এটাই ছিল লেখকের শেষ ইচ্ছা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ূন আহমেদের নিজের হাতে গড়া নুহাশ পল্লীতেই তাকে দাফন করার জন্য সবার সহযোগিতা চেয়ে তার স্ত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, এটাই ছিল লেখকের শেষ ইচ্ছা। সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তৈরি শোকমঞ্চের পাশে দাঁড়িয়ে আবেগ আপ্লুত শাওন একটি টেলিভিশনকে বলেন, “আমি শুধু একটা কথাই জানি। নুহাশ পল্লীকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত। প্রতিটি গাছ তার নিজের হাতে লাগানো। এসব গাছের সঙ্গে কথা সে বলতো।” “আমাকে সে বলেছে, যদি আমার কিছু হয় সবাই আমাকে নিয়ে টানাটানি করবে। তুমি আমাকে নিয়ে টানাটানি করতে দিয়ো না। তুমি আমাকে নুহাশ পল্লীতে নিয়ে যেও। ওই গাছগুলির কাছে আমাকে দিয়ে এসো।” মৃত্যুর আগে হুমায়ূন আহমেদ তার কোনো অচেনা জায়গায় তাকে দাফন করতে নিষেধ করেছিলেন বলেও উল্লেখ করেন শাওন। তিনি বলেন, নিউ ইয়র্কে অস্ত্রোপচারের আগের রাতে হুমায়ূন তাকে নুহাশ পল্লীতেই দাফনের কথা বলেন। “তার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। সে নুহাশ পল্লীতেই শুয়ে থাকতে চেয়েছে।” ক্যান্সারে আক্রান্ত হুমায়ুন ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। নিউ ইয়র্কে পরদিন জানাজার পর রোববার হুমায়ুনের কফিন নিয়ে দেশের পথে রওনা হন পরিবারের সদস্যরা। সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে হুমায়ূনের কফিনবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। হুমায়ূনের ছোট ভাই আহসান হাবীব বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, হুমায়ূন আহমেদের দাফন সোমবারই হতে পারে। “কোনো সমস্যা না থাকলে আমরা আজই উনাকে দাফন করতে চাই। আমাদের মায়ের ইচ্ছা, মিরপুর বা বনানীতে এটা হোক।” তবে লেখকের স্ত্রী শাওন বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “উনার শেষ ইচ্ছা ছিল নুহাশ পল্লী। উনাকে আর কষ্ট দিয়েন না। নুহাশ পল্লীতেই ব্যবস্থা করেন।” হুমায়ূনের আরেক ভাই মুহম্মদ জাফর ইকবাল বলেন, আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৪০২ ঘ.