২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মাটিতে হুমায়ূনের মরদেহ

নন্দিত লেখক হুমায়ুন আহমেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে। তার কফিনবাহী বিমানটি সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বলে কর্মকর্তারা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 03:03 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ুন আহমেদের মরদেহ ঢাকায় পৌঁছেছে। তার কফিনবাহী বিমানটি সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় বলে কর্মকর্তারা জানান। তার ছোট ভাই আহসান হাবীব জানান, হুমায়ূন আহমেদের দাফন সোমবারই হতে পারে। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, “কোনো সমস্যা না আমরা আজই উনাকে দাফন করতে চাই। আমাদের মায়ের ইচ্ছা, মিরপুর বা বনানীতে এটা হোক।” তবে হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওনের সঙ্গে কথা বলেই বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। তার কফিনবাহী বিমানটি সোমবার সকাল পৌনে ৯টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা। একই বিমানে আসছেন তার স্ত্রী শাওন, দুই ছেলে নিষাদ ও নিনিত, শাওনের মা তহুরা আলী, বোন সেঁজুতি এম আফরোজ এবং পারিবারিক বন্ধু প্রকাশক মাজহারুল ইসলাম। এদিকে হুমায়ূনের দুই ভাই আহসান হাবীব ও মুহম্মদ জাফর ইকবাল, তাদের দুই বোন এবং পরিবারের ঘনিষ্ঠজনরা সকালেই বিমানবন্দরে পৌঁছেছেন । বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ছাড়াও ভক্তরা ভিড় করেছেন বিমানবন্দরের বাইরে। লেখকের মরদেহ নিয়ে যাওয়ার জন্য ফুল দিয়ে সাজিয়ে তৈরি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। ক্যান্সারে আক্রান্ত হুমায়ুন ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। নিউ ইয়র্কে পরদিন জানাজার পর রোববার হুমায়ুনের কফিন নিয়ে দেশের পথে রওনা হন পরিবারের সদস্যরা। আহসান হাবীব জানান, দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে লেখকের কফিন সরাসরি ধানমণ্ডিতে তার বাড়ি দখিন হাওয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বিমানবন্দর থেকেই মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা হবে। সার্বিক পরিস্থিতি তদারক করতে বিমানবন্দরে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এবং প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএচিএ/এসইউএম/জেকে/০৯০১ ঘ.