২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গল্পে গল্পে পড়াতেন হুমায়ূন

গল্প লেখার মতোই পড়াতেন তিনি। অসাধারণভাবে বুঝিয়ে দিতেন কোয়ান্টাম কেমেস্ট্রির মতো কঠিন বিষয়। শিক্ষক হুমায়ূনের ছাত্র ও সতীর্থদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন সুলাইমান নিলয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

সুলাইমান নিলয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হুমায়ূন আহমেদের কলমের জাদুর ছোঁয়া বাঙলা সাহিত্য পাঠক মাত্রই জানে। তবে তার জীবনের একটা পর্ব কেটেছে রসায়ন শাস্ত্র পড়িয়ে। স্বাধীনতা উত্তরকালের দু’দশকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নের শিক্ষার্থীরা দেখেছে তার এই রূপটিও। শিক্ষক হিসেবে কী তিনি হিমু বা মিসির আলীর চরিত্র নির্মাতার মতো ব্যতিক্রম ছিলেন? সে কথা জানালেন তার সতীর্থ ও শিক্ষার্থীরা। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে এমএসসি পাস করে পরবর্তীতে নিজের বিভাগেই প্রভাষক হিসাবে যোগ দেন হুমায়ূন আহমেদ। ৯২ সালের দিকে তিনি শিক্ষকতা ছেড়ে দেন। হুমায়ূনের ছাত্রদের অনেকেই জানিয়েছেন উপন্যাসের মতোই মজার ছিল তার পাঠদান। রসায়নশাস্ত্র মোটেও রসালো নয়। আর এর মধ্যে আরো কঠিন ছিল কোয়ান্টাম কেমিস্ট্রি। সেটিই ছিল তার পড়ানোর বিষয়। তবে কাঠিন্য ভেঙেচুরে তা শিক্ষার্থীদের কাছে সহজ করে তোলার জাদু যেন জানতেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন ১৯৮২-৮৩ ব্যাচে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। দ্বিতীয় ও তৃতীয় টার্মে তিনি হুমায়ূন আহমেদকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন। “গল্প লেখার মতোই পড়াতেন তিনি। পড়ানোর মাঝে মাঝে গল্প বলতেন। গল্প দিয়েই অসাধারণভাবে বুঝিয়ে দিতেন আসল বিষয়।” শিক্ষক হুমায়ূনের অন্যরকম ঘটনা জানালেন রসায়নের অধ্যাপক ড. মো. হাবিবুল বাহার। বরিশালে বিএম কলেজে মৌখিক পরীক্ষা নিতে গিয়ে হুমায়ূন জানতে পারেন তাদের এক ছাত্রী ব্যবহারিক পরীক্ষার পর মা হওয়ার কারণে মৌখিক পরীক্ষা দিতে আসতে পারেনি। সব শুনে পুরো ভাইভা বোর্ড নিয়ে ওই ছাত্রীর বাড়ি গিয়ে পরীক্ষা নিয়েছিলেন হুমায়ূন আহমেদ। ড. হাবিবুল বলেন, “তিনি খুব দায়িত্ববান শিক্ষক ছিলেন। নীতির প্রশ্নে তিনি কোনো আপস করতেন না, কাউকে পরোয়াও করতেন না।” লেখালেখির চাপে এক সময় শিক্ষকতা ছাড়েন এই জনপ্রিয় লেখক। দীর্ঘদিনের সহকর্মী বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইউসুফ আলী মোল্লা বলেন, “হুমায়ূন বিচিত্র ধরনের আনন্দ দিতে পারতেন সবাইকে। এক সময় বেশকিছু জাদুও শিখেছিলেন। “মাস্টার্সে আমরা আলী নওয়াব স্যারের অধীনে থিসিস করতাম। সেখানে আমাদেরকে প্রায়ই জাদু দেখাতো সে।” তার স্মৃতিতে এখনও ধরা আছে, একটি খালি বাক্স থেকে জাদু করে একটি খরগোস বের করে আনতেন তিনি। ইউসুফ আলী জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা মুহসিন হল থেকে ধরে নিয়ে যায় হুমায়ূনকে। “এমনকি গুলি করার জন্য অন্য সাত আটজনের সঙ্গে লাইন ধরে দাঁড়ও করায়। তবে শেষ পর্যন্ত একজন ক্যাপ্টেন এসে তাদের সবাইকে ছেড়ে দেয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/১৭০৩ ঘ.