চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দর নগরীর চান্দগাঁও এলাকায় ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন এক পোশাক শ্রমিক।
জয়নাব বেগম (২০) নামে ওই শ্রমিক লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে চান্দগাঁও থানার বিসিক শিল্প এলাকার একটি চারতলা ভবনের ছাদ থেকে পড়েন জয়নব।
বাঁশখালী উপজেলার শীলকূপ গ্রামের আবুল শফির মেয়ে জয়নব বিসিক শিল্প এলাকায় দেশ গার্মেন্টসে কাজ করতেন।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক আবুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়নব রাত সাড়ে ১১টার দিকে চারতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন।
এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
এই ঘটনায় চান্দগাঁও থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/১৫২০ ঘ.
bdnews24