২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঈদের পর ট্রেনের ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা’

সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে ঈদের পর ট্রেনের ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 12:40 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে ঈদের পর ট্রেনের ভাড়া বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে চট্টগ্রাম রেলস্টেশন পরিদর্শন শেষে স্টেশন চত্বরে তিনি সাংবাদিকদের এ কথা জানান। অবশ্য মন্ত্রী বলেছেন, টকিটের মূল্য বাড়ানোর আগে ট্রেন যেন ঠিক সময়ে স্টেশন ছাড়ে এবং গন্তব্যে পোঁছাতে পারে সে ব্যবস্থা নেয়া হবে। সেইসঙ্গে ট্রেনের ভেতর ও বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ যাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরই টিকিটের দাম বাড়ানোর চিন্তা করা হচ্ছে। ট্রেনের ভাড়া কতো বাড়বে জানতে চাইলে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, “ঢাকা- চট্টগ্রাম রুটে চলাচলকারী বাসের ভাড়া ট্রেনের ভাড়ার তিনগুণ। বর্তমানে ট্রেনের ভাড়া যা আছে তার ৫০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। “এটি এখন মন্ত্রণালয়ের বিবেচনাধীন। এরপর প্রধানন্ত্রীর কাছে এর সারমর্ম যাবে। এর ভিত্তিতে ঈদের পর ট্রেনের টিকিটের দাম বৃদ্ধির চিন্তা রয়েছে।” মন্ত্রী আরো জানান, ঈদকে সামনে রেখে বিভিন্ন রুটের ট্রেনে দেড়শ অতিরিক্ত বগি সংযুক্ত হবে। চট্টগ্রাম ও সৈয়দপুরে রেল স্টেশনে এসব বগি মেরামত হয়েছে। এগুলো বিভিন্ন ট্রেনের সঙ্গে সংযুক্ত হবে। এছাড়া রমজানে সড়ক যান চলাচলের উপযোগী রাখতে মোবাইল টিম বিভিন্ন সড়কের গর্ত মেরামতের কাজ করছে বলে জানান যোগাযোগ মন্ত্রী। এর আগে সকালে চট্টগ্রামের অক্সিজেন-হাটহাজারী সড়ক পরিদর্শনকালে ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, এই সড়ক ২৪ ফুট প্রশস্ত করা হবে। থেমে থাকা অক্সিজেন- হাটহাজারী সড়কের প্রশস্তকরণ কাজ বর্ষা মৌসুমের পর পুনরায় চালু হবে। মন্ত্রী ওই সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের নিবন্ধনের কাগজপত্র পরীক্ষা করেন। এ সময় ৯ টি গাড়ি ও এর চালকের নিবন্ধন বৈধ কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। বেলা ১১ টার দিকে যোগাযোগমন্ত্রী সীতাকু-ের কুমিরা এলাকায় গত ২৬ জুন প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত রেলসেতু পরিদর্শন করেন। চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে ওই সেতুতে বিকল্প পথ নির্মাণ করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/১৮৩৪ ঘ.