২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের শোকে স্তব্ধ দেশ

নন্দিত লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোকাচ্ছন্ন রাজনীতিক, সাহিত্যিক, শিল্পী, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 05:50 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের মৃত্যুতে শোকাচ্ছন্ন সারা দেশ। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাজনীতিক, সাহিত্যিক, শিল্পী, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হুমায়ূনের। শরীরে ক্যান্সার ধরা পড়ার এক বছরেরও কম সময়ের মধ্যে বিদায় নিলেন তিনি। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখকের বয়স হয়েছিল ৬৪ বছর। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার জুমার নামাজের পর নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। হুমায়ূনের ছোটভাই মুহাম্মদ জাফর ইকবাল জানান, সব ঠিক থাকলে হুমায়ূনের মরদেহ রোববার দেশে পৌঁছাতে পারে। গাজীপুরে হুমায়ূনের গড়া নুহাশ পল্লীতে তাকে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন তার ছোট ভাই আহসান হাবিব। তার মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। শোকর‌্যালি হয়েছে লেখকের জন্মস্থান নেত্রকোনায়। শোক প্রকাশ করে লেখকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে। সারা দিনজুড়ে দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শিরোনামেও ছিলো তার মৃত্যুর খবর। জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুর খবরে বাংলাদেশের সাহিত্যিক, শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “অনেক বড় মাপের লেখক অনেক সময় জনপ্রিয়তা পাননা। কিন্তু হুমায়ূন ভাইয়ের উপন্যাস যেমন জনপ্রিয়, তেমনি গভীর জীবনবোধে আচ্ছন্ন। মানুষের চরিত্রকে এতো ভালোভাবে বুঝতে তার মতো আর কাউকে দেখিনি।” হুমায়ূনের বন্ধু, অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, “আমার কিছু বলার ভাষা নেই। খুব আশা করেছিলাম সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক।” “হুমায়ূন নেই তা ভাবতে পারছি না। একটা গভীর শূন্যতা তৈরি হলো। বাংলা সাহিত্যে তার অবদান ছিল অনেক। হুমায়ূন ছিল একজন খাঁটি মানুষ”, বলেন সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক। পশ্চিমবঙ্গের নন্দিত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মতে, বাংলাদেশে জনপ্রিয়তার দিক দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কেও ছাড়িয়ে যেতে পেরেছিলেন হুমায়ূন। হুমায়ূনের বহু নাটকের অভিনেতা আলী যাকের বলেন, “হুমায়ূন পৃথিবীতে এসেছিলেন অসম্ভব ক্ষমতা নিয়ে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ছিল আনন্দের।” হুমায়ূন আহমেদ এক সঙ্গে একাধিক প্রজন্মকে প্রভাবিত করতে পেরেছিলেন বলে মনে করেন সাহিত্য প্রকাশের কর্ণধার এবং মক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। হুমায়ূন আহমেদের মৃত্যুতে সঙ্গীত জগতেরও অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তার অনেক নাটক ও চলচ্চিত্রে কাজ করা সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী। একনিষ্ঠ ও বিশাল পাঠকশ্রেণী তৈরির মাধ্যমে হুমায়ূন আহমেদ ভূমিকা রেখেছেন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রবৃদ্ধিতে। জনপ্রিয় এই কথা সাহিত্যিকের বিদায়ে বাংলাদেশের প্রকাশনা শিল্পের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন অন্যপ্রকাশের মাসুম রহমান। ১৯৪৮ সালে নেত্রকোনায় জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথা সাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১২১৯ ঘ.