ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘চুরি’ হওয়া মালামাল কেনায় এক বাড়িতে ঢুকে কয়েকজন যুবক ভাঙচুর চালায় ও চাঁদা চেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে নতুন জুরাইন আলমবাগের ৩৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির বাসিন্দা মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে ২০/২৫ জন যুবক এসে দাবি করে- এই বাড়ির লোকজন চোরাই টাইলস কিনেছে। একথা বলেই তারা বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে।
তিনি বলেন, ওই সময় তার ৭০ বছরের বৃদ্ধ বাবা আবদুল আউয়াল এগিয়ে আসলে তাকে গুলি করে হত্যার হুমকি দেয় যুবকরা এবং দুই লাখ টাকা দাবি করে।
এসময় সাদা পোশাকে কদমতলী থানা পুলিশের উপপরিদর্শক মো. আলীম ও কয়েকজন কনস্টেবলও যুবকদের সঙ্গে ছিলো বলে মনির অভিযোগ করেন।
যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে দাবি করেন তিনি। উল্টো হামলাকারী যুবকদের নেতৃত্বদানকারী ওয়াসিম, সংগ্রাম ও লাটমিয়া তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়।
অবশ্য মনিরের অভিযোগ অস্বীকার করে কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসিমের টাইলস চুরি হয়। ওই চুরি হওয়া টাইলস মনিরের বাবা আউয়াল কিনেছেন বলে ওয়াসিম অভিযোগ করছে।
এ বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে দুই পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করতে থানায় আসেনি বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/২২২১ ঘ.
bdnews24