আহমেদ সজল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়াদোত্তীর্ণ ও ‘সাজানো’ সিনেট দিয়ে উপাচার্য প্যানেল নির্বাচন হলে উপাচার্য পদে অধ্যাপক শরীফ এনামুল কবির বা তার অনুসারীদের ফিরে আসার পথ তৈরি হবে- এমন ‘আশঙ্কাই’ সত্য প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা।
শিক্ষক ও সিনেট সদস্যদের একাংশের বিরোধিতার মধ্যে শুক্রবার উপাচার্য প্যানেল নির্বাচনে সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির পেয়েছেন সর্বাধিক ৫০ ভোট, যিনি মাত্র দুই মাস আগে আন্দোলনের কারণে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।
নির্বাচনে বর্তমান উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ৩৫ পেয়ে দ্বিতীয় এবং সমান ভোট পেয়ে অধ্যাপক নূরুল আলম তৃতীয় স্থানে রয়েছেন।
এই তিনজনের প্যানেল থেকেই একজনকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. জিল্লুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক নির্বাচনের ফলাফল ঘোষণা পর দুপুরে আন্দোলনকারী শিক্ষকদের নেতা আধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনকারীদের আশঙ্কাই সত্য প্রমাণিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রযন্ত্র তার বিভিন্ন অঙ্গকে পুরোমাত্রায় ব্যবহার করে হস্তক্ষেপ করেছে, শরীফ এনামুল কবিরের সাজানো ও এক পক্ষের নির্বাচনে যা হবার কথা ছিল তাই হয়েছে।”
পরে দুপুর ২টায় সমাজ বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে সিনেট সদস্যদের এক সংবাদ সম্মেলনে সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক এম এ মতিন বলেন, “মেয়াদোত্তীর্ণ ও একপক্ষের সিনেট সদস্যদের দিয়ে করা নির্বাচন বৈধতা পাবে না, পুরো প্রক্রিয়াটিই অনৈতিক ও বিতর্কিত।”
গত ৮ জানুয়ারি এ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগ কর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে সরে যেতে বাধ্য হন অধ্যাপক শরীফ এনামুল কবির। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করার পর ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে নতুন করে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। তাদের দাবি, উপাচার্য প্যানেল নির্বাচন স্থগিত করে আগে মেয়াদত্তীর্ণ ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন দিতে হবে।
এই দাবিতে গত ১৪ জুলাই থেকে প্রশাসনিক ভবনে অবরোধ ও কর্মবিরতি শুরুর পর গত বুধবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক অনির্দিষ্টকালের অনশনে বসেন প্রশাসনিক ভবনের সামনে।
বৃহস্পতিবার রাতে বর্তমান উপাচার্য আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দেখা করতে এসে বলেন, “আপনারা আশঙ্কা করছেন, শরীফ এনামুল কবির কিংবা তার লোকজন উপাচার্য হবেন। কিন্তু আমি বলছি, সরকারের ‘সবুজ সংকেত’ রয়েছে, এমনটি হবার কোনো কারণ নেই, হবে না।”
উপাচার্য আনোয়ারের ধারণা ঠিক হয়নি উল্লেখ করে আন্দোলন পরিচালনাকারী কমিটির সদস্য অধ্যাপক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনকারী শিক্ষকরা যা আশঙ্কা করেছিল তাই হয়েছে।”
বৃহস্পতিবার সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের ঘনিষ্ঠ এক শিক্ষকের রিট আবেদনে হাই কোর্ট উপাচার্য প্যানেল নির্বাচন ‘শান্তিপূর্ণভাবে’ করার ব্যবস্থা নিতে বলে। শুক্রবার নির্বাচনে সহায়তার জন্য ক্যাম্পাসে সাড়ে চাশ’ পুলিশ মোতায়েন করা হয়, তৈরি রাখা হয় জলকামানও।
সকাল ১০টায় সিনেট অধিবেশন শুরু হলে আন্দোলনকারী শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন মিছিল ও সমাবেশ করেন। তারা এ দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালনেরও ঘোষণা দেন। পরে পাঁচজন সিনেট সদস্য আন্দোলনে সংহতি জানিয়ে অধিবেশন বর্জন করেন।
রেজিস্ট্রার গ্রাজুয়েট ক্যাটাগরিতে নির্বাচিত সিনেট সদস্য ও জাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) রাশেদুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের একপাক্ষিক সিনেট অধিবেশন দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষা করা অসম্ভব, আন্দোলকারী শিক্ষক ও সিনেট সদস্যদের সঙ্গে সংহতি জানিয়ে নতুন করে পাঁচজন সদস্য অধিবেশন বর্জন করলাম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/২০২৪ ঘ.
bdnews24