সাভার, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার কেলিয়া গ্রামের এগ্রো মাল্টি প্রসেস পোল্ট্রি ফার্মে ডাকাতির আগে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদারীপুর জেলার মাইনুল ইসলাম (২০), ধামরাইয়ের রোয়াইল গ্রামের নাছির উদ্দিন (২৫), সিংগাইরের আক্কাস আলী (৩৮) ও সাভারের রাজফুলবাড়িয়া এলাকার রাজু সাহা (২৬)।
এসময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল, দুটি পাইপগান, সাত রাউন্ড গুলি, তিনটি ককটেল, চারটি ছুরি, দুটি দা, একটি গ্রিল কাটার যন্ত্র, একটি শাবল, দুটি স্ক্রু ড্রাইভার, দুটি লিভার, একটি রেঞ্চ ও একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়।
ধামরাই ধানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার মধ্যরাতে ওই ডাকাতরা দেপাশাই গ্রামের শহিদুল ইসলাম ও পশ্চিম দেপাশাই গ্রামের দেওয়ান বাড়িতে হানা দিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে।
পরে ডাকাতরা শ্যালোচালিত নৌকা নিয়ে পাশের কেলিয়া গ্রামের ফারুক হোসেনের ‘এগ্রো মাল্টি প্রসেস পোল্ট্রি ফার্মে’ ডাকাতির প্রস্তুতি নেয়। স্থানীয় লোকজন টের পেয়ে তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে পিটুনি দেয়।
ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অবস্থায় চার ডাকাতকে গ্রেপ্তার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ব্যাপারে ধামরাই থানার একটি ডাকাতির মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুর রশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৯২৫ ঘ.
bdnews24