গাজীপুর, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল থেকে চুরি হওয়া তিনটি গরুসহ সাতজনকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন, নিতাই মণ্ডল (২৮), রিয়াজ (২৩), আ. লতিফ (৩০), আলমগীর হোসেন (৩০), সরবেশ (২৮), আক্কাস আলী (২৮) ও আবুল কাসেম (৩০)। এদের মধ্যে নিতাই টাঙ্গাইলের মীর্জাপুর উপজেলার সাহপাড়া গ্রামের ইন্দ্রমোহন মণ্ডলের ছেলে, রিয়াজ উপজেলার গাড়িয়াবেতি গ্রামের মিন্টু মিয়ার ছেলে, লতিফ ত্রিমোহন বান্দরপাড়া গ্রামের আনসার আলীর ছেলে, আলমগীর হাটফতেপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে, সরবেশ গোড়াইল মধ্যপাড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে, আক্কাস সিরাজগঞ্জ সদর থানার ছয়াধানগড়া গ্রামের আজিজুলের ছেলে এবং কাসেম সিরাজগঞ্জের আলীমপুর হরিপুর গ্রামের কুরবান আলীর ছেলে।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই সাত জন টাঙ্গাইলের মীর্জাপুর থেকে চুরি হওয়া তিনটি গরু নিয়ে একটি ট্রলারে করে গাজীপুরের দিকে যাচ্ছিলো। সকালে তারা কালিয়াকৈরের মধ্যপাড়া এলাকায় পৌঁছালে এলাকাবাসী ট্রলারসহ তাদের আটক করে। পরে পুলিশ গরু চুরির অভিযোগে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএইচ/১৮২১ ঘ.
bdnews24