ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার দয়াগঞ্জ বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দলের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকার জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্য মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।
বৃহস্পতিবার ঢাকার ডিসির কাছে দেওয়া এক চিঠিতে বাণিজ্যমন্ত্রী এ নির্দেশনা দেন।
চিঠিতে বাজার তদারকি কার্যক্রমে পর্যাপ্ত র্যাব ও পুলিশ দিয়ে সহায়তা করারও তাগিদ দেওয়া হয়।
এতে বলা হয়, বাজার তদারকি কার্যক্রমে বাধা দিলে সরকার তা কঠোর হাতে মোকাবেলা করবে। ভবিষ্যতে যেন এ ধরনের দুঃখজনক ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বুধবার বিকেলে ট্যারিফ কমিশনের উপ-প্রধান শেখ লিয়াকত আলী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বাধীন বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকি দলের ওপর হামলা করে ঢাকার দয়াগঞ্জ বাজারের ব্যবসায়ীরা।
ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ নয় সদস্যের তদারকি দলটি দয়াগঞ্জ বাজারে গিয়ে বিভিন্ন পণ্যের মূল্য এবং বিক্রয় কার্যক্রম তদারকি শুরু করে। এ সময় কিছু পণ্যের মূল্যে অসামঞ্জস্যতা এবং বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করার ঘোষণা দিলে ব্যবসায়ীরা সংগঠিত হয়ে তাদের ওপর চড়াও হন। এ সময় তারা পাথরও ছুড়ে মারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৫৬ ঘ.
bdnews24