২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মুদ্রাপাচার: ওসি কামাল উদ্দিনের জেরা শেষ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় গুলশান থানার সাবেক ওসি কামাল উদ্দিনের জেরা শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 08:10 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় গুলশান থানার সাবেক ওসি কামাল উদ্দিনের জেরা শেষ হয়েছে। ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. মোজাম্মেল হোসেইনের আদালতে বৃহস্পতিবার এই পুলিশ কর্মকর্তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী ব্যরিস্টার ফখরুল ইসলাম। জেরায় কামাল উদ্দিন বলেন, “গুলশানের চাঁদাবাজি মামলার তদন্ত করতে যেয়ে এ মামলার মুদ্রা পাচারের বিষয়টি আমি জানতে পারি। আমি শুধু পুলিশের বিভিন্ন প্রতিবেদন অগ্রবর্তী করে তাতে স্বাক্ষর করেছি।” বিচারক মামলার পরবর্তী দিন রেখেছেন আগামী ২ অগাস্ট। সংশ্লিষ্ট আদালতের পেশকার মো. আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষে ৫ জন সাক্ষীর সাক্ষ্য সম্পূর্ণ শেষ হলো। তবে এদিন মামলার আরেক সাক্ষী খাদিজা ইসলাম আদালতে আসতে দেরি করায় তার জবানবন্দি নেওয়া হলেও আসামি পক্ষ তাকে জেরা করতে পারেনি বলে জানান আরিফুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন ২০০৯ সালের ৫ নভেম্বর গুলশান থানায় এ মামলা দায়েরের সময় আলিমুজ্জামান ওই থানার ওসি ছিলেন। গত ১৬ ফেব্রুয়ারি সাক্ষ্য দেন তিনি। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইব্রাহিম ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেকের প্রভাব খাটিয়ে বিভিন্ন কোম্পানি ও সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার বন্ধু মামুন অবৈধভাবে অর্থ নেন। মামুনের মাধ্যমে ২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পথে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা অবৈধভাবে সিঙ্গাপুরে পাচার করেন তারেক রহমান। ওই অর্থের মধ্যে সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএর একটি শাখায় ওই মামুনের ব্যাংক হিসাবে ৭ লাখ ৫০ হাজার ডলার জমা করা হয়। গত বছরের ৮ অগাস্ট অভিযোগ গঠনের পর তারেককে পলাতক দেখিয়ে এ মামলার বিচার চলছে। তারেকের পক্ষে কেউ রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীকে জেরা করার সুযোগ পাচ্ছেন না। তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৪০৭ ঘ.