হবিগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবলে যুবলীগের দু’টি পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে উপজেলা সদর ও মিরপুরে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি আজিজুর রহমান সরকার জানান, এক সপ্তাহ আগে জেলা যুবলীগ বাহুবল উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করলে এর পরদিন বিদ্রোহী নেতাকর্মীরা পাল্টা কমিটি ঘোষণা করে।
বিদ্রোহী কমিটি বৃহস্পতিবার মোটর সাইকেল শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করে। অপরদিকে জেলা যুবলীগ সমর্থিত কমিটিও একই সময়ে ওই স্থানে একই কর্মসূচির ঘোষণা দেয়।
“এ পরিস্থিতিতে যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে বাহুবল উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির অনিদিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।”
প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩৫০ঘ.
bdnews24