২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯ বছর পর কৃষক লীগের সম্মেলন

দীর্ঘ নয় বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ নয় বছর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার কৃষক লীগের সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে দ্বিতীয় অধিবেশনে সারাদেশ থেকে আসা কাউন্সিলররা সংগঠনের ভবিষ্যত নেতৃত্ব নির্বাচনে মতামত দেবেন। ২০০৩ সালে ২৯ জুলাই কৃষক লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে মীর্জা আব্দুল জলিল সভাপতি ও মোতাহার হোসেন মোল্লা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কৃষক লীগের আগে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিনটি সহযোগী সংগঠনের সম্মেলন হয়। গত ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগের, ১৪ জুলাই যুবলীগের এবং ১৭ জুলাই জাতীয় শ্রমিক লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনগুলোতে নতুন নেতৃত্ব নির্বাচনে কাউন্সিলরদের মতামত প্রাধান্য পেতে দেখা যায়নি। ফলে কৃষক লীগের সম্মেলন নিয়েও তেমন উদ্দীপনা দেখা যাচ্ছে না। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে নেতৃত্বের পরিবর্তন হয়নি, যদিও কাউন্সিলররা বিদায়ী সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সভাপতি পদে চেয়েছিলেন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ পাওয়া মোল্লা আবু কাওসারের বাড়ি গোপালগঞ্জে। তিনি সংগঠনটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের আস্থাভাজন হিসেবে পরিচিত। একই ঘটনা ঘটেছে যুবলীগের বেলাতেও। কাউন্সিলররা যুবলীগের চেয়ারম্যান হিসাবে চাচ্ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজমকে। তবে চেয়ারম্যান পদে থেকে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আত্মীয় ওমর ফারুক চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইএম/এমআই/২২১১ ঘ.