নারায়ণগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে কাঁচপুর সেতুর নিচে শীতলক্ষ্যা নদীর তীরে অবৈধভাবে রাখা বালু জব্দ করে নিলামে বিক্রি করেছে বিআইডব্লিউটিএ।
আগামী ১৫ দিনের মধ্যে এসব বালু ওখান থেকে সরিয়ে নেওয়ার শর্তে তা তখনই বিক্রি করা হয়।
কাঁচপুর সেতু সংলগ্ন এলাকায় শীতলক্ষ্যার তীর দখলমুক্ত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বুধবার এ অভিযান চালায়।
এ সময় নদীর তীরে অবৈধ বালু ও পাথর ব্যবসায়ীদের কয়েকটি টং দোকানও উচ্ছেদ করা হয় বলে জানান বিআইডব্লিউইটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কাঁচপুরে অবৈধ বালু ও পাথর ব্যবসার কারণে শীতলক্ষ্যার তীরে ওয়াকওয়ে নির্মাণ কাজ বন্ধ ছিল। দখলদারদের সরে যাওয়ার জন্য বার বার নোটিশ দেওয়া হলেও তারা অবৈধ বালু ও পাথর ব্যবসা বন্ধ না করায় দুপুরে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ অভিযান চলে কাঁচপুর সেতু সংলগ্ন এলাকা থেকে শিমরাইল বেঙ্গল ইলেট্রিক্যাল দক্ষিণ সীমান্ত পর্যন্ত নদীতীর, বলেন তিনি।
এসব বালু ১৫ দিনের মধ্যে সরিয়ে নেওয়ার শর্তে শাহজাহান নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
সাইফুল ইসলাম আরো বলেন, উচ্ছেদ শুরু করলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেন তার অনুসারীদের নিয়ে উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন।
অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ তালুকদার, বিআইডব্লিউইটিএ’র ঢাকা দপ্তরের পরিচালক শহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ অফিসের ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল ইসলাম ও কোস্টগার্ডের পাগলা স্টেশন কমান্ডার উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১৩৪ ঘ.
bdnews24