২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে মেডিক্যাল শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ

ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে রংপুর শহরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 03:30 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

রংপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে রংপুর শহরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার বিকালে প্রাইম মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাতগাড়া মিস্ত্রিপাড়া মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে চার জনকে আটক করেছে। এসময় ভাংচুর করা হয়েছে বেশ কয়েকটি অটোরিকশা ও পাঁচটি দোকান। প্রায় পৌনে চারঘণ্টা ধরে চলা এ সংঘর্ষের সময় রংপুর-বদরগঞ্জ-পার্বতীপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মহানগর কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে মেডিক্যাল কলেজের এক ছাত্রীকে এক বখাটে উত্ত্যক্ত করে। এ নিয়ে বিকালে শিক্ষার্থীদের সঙ্গে সাতগাড়া মিস্ত্রিপাড়া মহল্লার কয়েকজনের কথা কাটাকাটি হয়। কলেজটি এ এলাকাতেই অবস্থিত। এক পর্যায়ে মহল্লাবাসী দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে কলেজে হামলা করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় রংপুর-বদরগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওসি জানান, ভাংচুর করা হয় পাঁচটি দোকানসহ বেশকিছু যানবাহন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কিরণ, হাসান, শামীম ও লোকমান নামে চারজনকে আটক করেছে। রাত পৌনে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সেসময় থেকে যান চলাচলও শুরু হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৪ ঘ.