২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গার্মেন্টস শ্রমিকদের চাহিদা পূরণ করতে হবে’

চট্টগ্রামে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের প্রয়োজনীয় চাহিদা পূরণের ওপর জোর দিয়েছেন আলোচকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের প্রয়োজনীয় চাহিদা পূরণের ওপর জোর দিয়েছেন আলোচকরা। বুধবার নগরীর এক হোটেলে ‘তৈরি পোশাক কারখানার শ্রমিকদের প্রতি সামাজিক দায়বদ্ধতা’ শীর্ষক বৈঠকে বক্তারা বলেন, তৈরি পোশাক খাত এদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এর মূল চালিকাশক্তি গার্মেন্টস শ্রমিকরা নানাভাবে অবহেলিত রয়েছে। বক্তারা বলেন, গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ-বিকেএমইএ -এর শ্রমিকদের প্রতি সামাজিক দায়বদ্ধতা রয়েছে, যা যথাযথভাবে পালন করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেমনের মেয়র এম. মনজুর আলম গার্মেন্টস শ্রমিকদের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বৈঠকে উপস্থিত বিজিএমইএ ও বিকিএমইএ প্রতিনিধিদের অনুরোধ জানান। এছাড়া বক্তারা তৈরি পোশাক শ্রমিকদের জন্য তাদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ঝুকি কমানোর ওপর জোর দিয়ে বলেন, তৈরি পোশাক খাতের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনগুলোকে এ জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বিকিএমইএ পরিচালক শওকত ওসমান, বিজিএমইএ -এর যুগ্ম সচিব করিমুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিকদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লিফট স্ট্যান্ডার্ডসের প্রধান ক্রিশ্চিয়ান মিৎস্লাভ, শ্রমিকনেতা চন্দন কুমার প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া গোলটেবিল বৈঠকে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন গার্মেন্টসের মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৯৫০ ঘ.